বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পলাতক খুনিদের ফেরত দিতে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। গতকাল শুক্রবার রাজশাহী মেডিকেল কলেজ মিলনায়তনে এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
মোহাম্মদ নাসিম বলেন, ‘ডোনাল্ড ট্রাম্পকে জনগণ ভোট দিয়ে নির্বাচিত করেছে। তাঁর কাছে আমার একটাই আবেদন থাকবে, আপনি বঙ্গবন্ধুর খুনিদের যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে ফেরত দিন, দণ্ড কার্যকর করতে দিন।’
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিষয়ে মোহাম্মদ নাসিম বলেন, খুব শিগগিরই রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কাজ শুরু হবে। রাজশাহী বাইপাস সড়কের কাছে একটি জায়গায় রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কাজ শুরু হবে।
চিকিৎসকদের উদ্দেশে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য নাসিম বলেন, ‘আমি স্বাস্থ্যমন্ত্রী হিসেবে বলি, কেউ স্বাচিপ করতে পারেন, কেউ বিএমএ-ড্যাব করতে পারেন। কিন্তু আমার কথা একটাই, স্বাস্থ্যসেবার সঙ্গে কোনো রাজনীতি নেই। এটা মানবধর্ম। যাঁরা চিকিৎসক হয়ে সাদা অ্যাপ্রোন পরবেন, তাঁদের কাজ হবে দায়িত্ব পালন করা। তারপর রাজনীতি করা।’