বঙ্গবন্ধুর পলাতক খুনিদের ফেরানো এখনো অনিশ্চিত
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পলাতক ছয় খুনির মধ্যে দুজনকে ফেরাতে চার বছর ধরে চেষ্টার পরও অগ্রগতি নেই। অন্য চারজনের অবস্থান সম্পর্কে সুনির্দিষ্ট তথ্যের অভাবে নেওয়া যায়নি কার্যকর উদ্যোগ। ফলে বঙ্গবন্ধু হত্যা মামলায় পাঁচজনের মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার প্রায় চার বছর পরও মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত ওই ছয়জনকে দেশে ফেরানোই অনিশ্চিত থেকে গেছে।
বঙ্গবন্ধু হত্যা মামলায় মোট ১২ জনের মৃত্যুদণ্ডাদেশ হয়। তাঁদের মধ্যে সৈয়দ ফারুক রহমান, সুলতান শাহরিয়ার রশিদ খান, বজলুল হুদা, এ কে এম মহিউদ্দিন আহমেদ ও মুহিউদ্দিন আহমেদের ফাঁসি কার্যকর হয় ২০১০ সালের ২৭ জানুয়ারি। ওই রায় কার্যকরের আগেই ২০০২ সালে পলাতক অবস্থায় জিম্বাবুয়েতে মারা যান আসামি আজিজ পাশা। পলাতক বাকি ছয়জন হলেন খন্দকার আবদুর রশিদ, শরিফুল হক ডালিম, এস এইচ এম বি নুর চৌধুরী, এ এম রাশেদ চৌধুরী, আবদুল মাজেদ ও মোসলেম উদ্দিন। আসামিরা সবাই সাবেক সেনা কর্মকর্তা। ১৯৭৫ সালের ১৫ আগস্ট তৎকালীন রাষ্ট্রপতি বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা হয়।
২০০৯ সালের ১৯ নভেম্বর সুপ্রিম কোর্টের আপিল বিভাগ মৃত্যুদণ্ড কার্যকর হওয়া পাঁচ আসামির আপিল খারিজ করেন। ফলে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সদস্যদের নৃশংসভাবে হত্যার দায়ে হাইকোর্টের দেওয়া ১২ খুনির মৃত্যুদণ্ডাদেশ বহাল থাকে। এর মধ্য দিয়ে ১৩ বছর ধরে চলা এ মামলার বিচার-প্রক্রিয়ার সমাপ্তি ঘটে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট একজন কর্মকর্তা গতকাল বুধবার প্রথম আলোকে জানান, কানাডা থেকে নুর চৌধুরীকে এবং যুক্তরাষ্ট্র থেকে রাশেদ চৌধুরীকে ফিরিয়ে আনতে অব্যাহতভাবে যোগাযোগ চলছে। মৃত্যুদণ্ডবিরোধী অবস্থানের কারণে কানাডা বঙ্গবন্ধুর অন্যতম আত্মস্বীকৃত খুনি নুর চৌধুরীকে বাংলাদেশের কাছে ফেরত দেবে না। কানাডার পররাষ্ট্রমন্ত্রী লরেন্স ক্যানন ২০১০ সালের ৩১ মে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনিকে লেখা চিঠিতে উল্লেখ করেন, কোনো ব্যক্তি মৃত্যুদণ্ডপ্রাপ্ত হলে তাঁকে সে দেশে ফিরিয়ে না দেওয়ার নীতি অনুসরণ করে কানাডা। তবে যুক্তরাষ্ট্র রাশেদ চৌধুরীকে বাংলাদেশের কাছে ফিরিয়ে দেবে কি না, তা এখনো স্পষ্ট নয়। তিনি যুক্তরাষ্ট্রে অবস্থান করলেও কানাডায় রাজনৈতিক আশ্রয়লাভের চেষ্টা করছেন।
এ বিষয়ে জানতে চাইলে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা কোনো মন্তব্য করতে অপারগতা জানান। গতকাল ভারপ্রাপ্ত পররাষ্ট্রসচিব মুস্তাফা কামালের সঙ্গে তাঁর দপ্তরে বৈঠকের পর মজীনার কাছে এ বিষয়ে জানতে চাওয়া হয়।
বঙ্গবন্ধুর খুনিদের দেশে ফেরানোবিষয়ক টাস্কফোর্সের সভাপতি ও আইনমন্ত্রী শফিক আহমেদ গত মঙ্গলবার প্রথম আলোকে বলেন, নুর চৌধুরীকে কানাডা ও রাশেদ চৌধুরীকে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরাতে দেশ দুটির সরকারের সঙ্গে আলোচনা চলছে। পাশাপাশি তাঁদের ফিরিয়ে আনতে ওই দেশ দুটিতে আইনজীবীও নিয়োগ করা হয়েছে।
কূটনৈতিক সূত্রগুলো জানায়, বঙ্গবন্ধুর পলাতক খুনিদের দেশে ফেরানোর বিষয়ে যতটা না প্রশাসনিক উদ্যোগ নেওয়া হয়েছে, তার চেয়ে বেশি হয়েছে রাজনীতি। কারণ, পদক্ষেপ নেওয়ার আগেই তাঁদের ফিরিয়ে আনার বিষয়টি জোর দিয়ে প্রচার করা হয়েছে। অথচ পাঁচজনের মৃত্যুদণ্ড কার্যকরের প্রায় চার বছর পরও অন্তত চার খুনির সুনির্দিষ্ট অবস্থান সরকারের কাছে অজানা। আবার অবস্থান নিশ্চিত হয়েছে এমন দুজনকে দেশে ফেরাতে রয়েছে প্রক্রিয়াগত প্রতিবন্ধকতা। ফলে আদৌ তাঁদের দেশে ফেরানো যাবে কি না, সে প্রশ্ন থেকেই যাচ্ছে।
সরকার দাবি করে, আবদুল মাজেদ ও মোসলেম উদ্দিন ভারতে আত্মগোপন করেছেন। এ তথ্যের ভিত্তিতে ভারতের কাছে এ দুজনকে ফিরিয়ে দেওয়ার অনুরোধ জানানো হয়।
অসমর্থিত সূত্রে জানা গেছে, খন্দকার আবদুর রশিদ অবস্থান করেন মূলত লিবিয়ার বেনগাজি ও পাকিস্তানে। আর শরিফুল হক ডালিমের ব্যবসাসহ বিভিন্ন কর্মকাণ্ড কেনিয়াকে কেন্দ্র করে পরিচালিত হলেও তিনি মাঝেমধ্যে লিবিয়া ও ইউরোপে যান। সরকার বিভিন্ন দূতাবাস ও ইন্টারপোলের মাধ্যমে খুনিদের খুঁজে বের করে দেশে ফিরিয়ে আনার চেষ্টা চালাচ্ছে।
কানাডায় বাংলাদেশের সাবেক হাইকমিশনার ইয়াকুব আলী মনে করেন, নুর চৌধুরীকে ফিরিয়ে আনতে যথেষ্ট উদ্যোগ নেওয়া হয়নি। কারণ, রাজনৈতিক শরণার্থী হিসেবে নুর চৌধুরীর কানাডায় অবস্থানের আবেদন খারিজ হওয়ায় তাঁকে তৃতীয় দেশের মাধ্যমে বাংলাদেশে আনার সুযোগ রয়েছে।
অবশ্য কানাডায় অবস্থানের জন্য আইনি লড়াই চালিয়ে যাচ্ছেন নুর চৌধুরী।