বঙ্গবন্ধুর পলাতক খুনিদের শাস্তির দাবিতে মানববন্ধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বঙ্গবন্ধুর পলাতক খুনিদের দ্রুত দেশে এনে আদালতের দেওয়া রায় কার্যকরের দাবিতে গতকাল রোববার নীলফামারীর ডোমারে মানববন্ধন করেছে উপজেলা ছাত্রলীগ।
উপজেলা ছাত্রলীগ সূত্রে জানা গেছে, উপজেলা শহরের রেলঘুণ্টি মোড়ে গতকাল দুপুরে ঘণ্টাব্যাপী ওই মানববন্ধন হয়। পৌর ও ডোমার কলেজ শাখা ছাত্রলীগ ওই কর্মসূচিতে অংশ নেয়।
মানববন্ধন শেষে সেখানে এক সমাবেশে বক্তব্য দেন উপজেলা ছাত্রলীগের সভাপতি ওয়াছিব আহমেদ, সাধারণ সম্পাদক মাসুম আহমেদ, ডোমার কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি আবদুল্লাহ আল মামুন, সহসভাপতি হাফিজুর রহমান, পৌর ছাত্রলীগের সভাপতি বিজয় রায়, সাধারণ সম্পাদক মাসুদ রানা প্রমুখ।
পরে ছাত্রলীগের নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল নিয়ে উপজেলা পরিষদ চত্বরে পৌঁছে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবিহা সুলতানার মাধ্যমে পররাষ্ট্রমন্ত্রী বরাবর স্মারকলিপি দেন।