বঙ্গবন্ধুর পৈতৃক বাড়ি নিয়ে নতুন প্রস্তাব
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার পৈতৃক বাড়িটি পুরোনো কাঠামোতে ফিরিয়ে নিয়ে সংরক্ষণের প্রস্তাব দিয়েছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে প্রস্তাবটি দেওয়া হয়েছে।
আজ সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক চলাকালে সংস্কৃতি মন্ত্রণালয়ের পক্ষ থেকে কীভাবে বাড়িটি সংরক্ষণ করা হবে, এর উপস্থাপনা দেওয়া হয়। পাশাপাশি প্রধানমন্ত্রীর কাছে একটি তথ্যচিত্র দেওয়া হয়।
শেখ হাসিনা এ নিয়ে কোনো সিদ্ধান্ত জানাননি। তিনি বলেছেন, বিষয়টি দেখবেন। পরে জানাবেন।
বৈঠক শেষে এ বিষয়ে জানতে চাইলে সংস্কৃতি-বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর বলেন, কয়েক বছর আগে এই বাড়িটি মেরামত করা হয়েছে। কিন্তু এ ধরনের বাড়ির ঐতিহ্য বজায় রেখে সংরক্ষণ করা প্রয়োজন। এই বাড়িটিকে আদি কাঠামোতে ফিরিয়ে নিতে তিনটি প্রস্তাব দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী বিবেচনা করে সিদ্ধান্ত দেবেন বলে জানিয়েছেন।
সংস্কৃতি-বিষয়ক মন্ত্রী বলেন, অভিজ্ঞ একজন স্থপতি বাড়িটি সংরক্ষণের ব্যাপারে উপস্থাপনা দিয়েছেন।