বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার পৈতৃক বাড়িটি পুরোনো কাঠামোয় ফিরিয়ে নিয়ে সংরক্ষণের প্রস্তাব দিয়েছে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়। গতকাল সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকে নির্ধারিত এজেন্ডার বাইরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এ প্রস্তাব দেওয়া হয়।
বৈঠকে মন্ত্রিসভা বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট আইন ২০১৬-এর খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৈঠক সূত্র বলেছে, মন্ত্রিসভার বৈঠক চলাকালে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে কীভাবে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর পৈতৃক বাড়িটি সংরক্ষণ করা হবে, এর তিনটি বিকল্প প্রস্তাব উপস্থাপন করা হয়। তবে শেখ হাসিনা এ নিয়ে কোনো সিদ্ধান্ত জানাননি। তিনি বলেছেন, বিষয়টি দেখে পরে জানাবেন।
বৈঠক শেষে সাংবাদিকেরা সংস্কৃতিবিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূরের কাছে তাঁর সচিবালয়ের কার্যালয়ে গিয়ে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, কয়েক বছর আগে এই বাড়িটি সংস্কার করা হয়েছে। কিন্তু এ ধরনের বাড়ির ঐতিহ্য বজায় রেখে সংরক্ষণ করা প্রয়োজন। তখন সেভাবে হয়নি। এ জন্য এই বাড়িটিকে আদি কাঠামোয় ফিরিয়ে নিয়ে সংরক্ষণ করতে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে তিনটি বিকল্প প্রস্তাব দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী দেখে সিদ্ধান্ত দেবেন বলে জানিয়েছেন।
সংস্কৃতিবিষয়ক মন্ত্রী বলেন, অভিজ্ঞ একজন স্থপতি বাড়িটি সংরক্ষণের বিষয় উপস্থাপনা করেন।
বৈঠকে উপস্থিত একজন মন্ত্রী বলেন, পুরান ঢাকা থেকে কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জে স্থানান্তর করায় কেন্দ্রীয় কারাগারের এই জায়গা এখন কীভাবে ব্যবহার করা হবে, তা নিয়েও বৈঠকে আলোচনা হয়।
পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট আইন হচ্ছে: মন্ত্রিসভার বৈঠকে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট আইন, ২০১৬-এর খসড়ার নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। এ আইনের অধীনে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) পারমাণবিক কলাকৌশল ও আধুনিক প্রযুক্তি ব্যবহার করে শস্যের নতুন নতুন জাত উদ্ভাবন করবে।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সংবাদ ব্রিফিংয়ে বলেন, এ ইনস্টিটিউট পরিচালনার জন্য ১৪ সদস্যের একটি বোর্ড থাকবে। এ বোর্ডের প্রধান হবেন বিনার মহাপরিচালক। এ বোর্ডের মেয়াদ হবে তিন বছর। বিনার সদর দপ্তর ময়মনসিংহে থাকলেও সরকার চাইলে দেশের যেকোনো জায়গায় উপকেন্দ্র স্থাপন করতে পারবে। বিনা প্রতিবছর শেষে সরকারের কাছে প্রতিবেদন দেবে।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, মূল অধ্যাদেশটি ১৯৮৪ সালে সামরিক শাসনের সময় হয়েছিল। পরে ১৯৯৬ সালে সংশোধন করা হয়। এটি মূলত এখন বাংলায় নতুন করে করা হচ্ছে।
বৈঠকে তিনজন মন্ত্রী বিদেশে তিনটি অনুষ্ঠানে তাঁদের যোগদানের বিষয়ে মন্ত্রিসভাকে অবহিত করেন।