বঙ্গবন্ধুর প্রতি অভিজিৎ মুখার্জির শ্রদ্ধা নিবেদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জির ছেলে ও দেশটির লোকসভার সদস্য অভিজিৎ মুখার্জি। তিনি গতকাল শুক্রবার বিকেলে রাজধানীর ধানমন্ডিতে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শনকালে জাতির পিতার প্রতিকৃতির সামনে নীরবে দাঁড়িয়ে থেকে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
অভিজিৎ মুখার্জি বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করেন, বিভিন্ন গ্যালারি ঘুরে দেখেন এবং মন্তব্য বইতে স্বাক্ষর করেন। এ সময় বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের কিউরেটর নজরুল ইসলাম খান, সিও মাশকুরা হোসেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজিত রায় নন্দি প্রমুখ উপস্থিত ছিলেন।
এর আগে শুক্রবার সকালে অভিজিৎ মুখার্জি তিন দিনের সফরে বাংলাদেশে আসেন। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক লে. কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান এবং পররাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মাহজাবিন খালেদ এমপি।
অভিজিৎ মুখার্জি বিকেলে মুক্তিযুদ্ধ জাদুঘর পরিদর্শন করেন। এ সময় তিনি বিভিন্ন গ্যালারি ঘুরে দেখেন। স্মৃতিচারণা করে তিনি বলেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধে তাঁর ঠাকুরদা অংশ নিয়েছিলেন। তিনি বলেন, ভারত-বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অনেক ভালো এবং আগের চেয়ে অনেক উন্নত। ভবিষ্যতে সম্পর্ক আরও উন্নত হবে।