বঙ্গবন্ধুর প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান। ছবি: ফোকাস বাংলা
ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান। ছবি: ফোকাস বাংলা

জাতীয় শোক দিবসে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

১৫ আগস্ট বুধবার সকাল ৬টা ৩০ মিনিটে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী পুষ্পার্ঘ্য অর্পণ করেন।

পুষ্পার্ঘ্য অর্পণের পরে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। এ সময় সশস্ত্র বাহিনী গার্ড অব অনার প্রদান করে। সেখানে ফাতেহা পাঠ ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

পরে আওয়ামী লীগের সভাপতি হিসেবে শেখ হাসিনা দলের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে নিয়ে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানান।

বঙ্গবন্ধুর ছোট মেয়ে শেখ রেহানা, জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী, প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, মন্ত্রিপরিষদের সদস্য, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, তিন বাহিনীর প্রধান, সরকারি জ্যেষ্ঠ কর্মকর্তা ও আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতারা এ সময় উপস্থিত ছিলেন।

শ্রদ্ধা নিবেদন শেষে শেখ হাসিনা ও তাঁর ছোট বোন শেখ রেহানা বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করেন। তাঁরা কিছুক্ষণ সেখানে অবস্থান করেন।

পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর ছোট বোন শেখ রেহানা ঢাকার বনানী কবরস্থানে জাতির পিতার পরিবারের শাহাদাতবরণকারী সদস্য ও অন্য শহীদদের কবরে পুষ্পস্তবক অর্পণ করেন। সেখানে ফাতেহা পাঠ ও দোয়া অনুষ্ঠিত হয়।

যে মহান পুরুষ বাঙালি জাতিকে স্বাধীন বাংলাদেশ উপহার দিয়েছিলেন, ১৯৭৫ সালের এই দিনে তাঁকেই সপরিবার হত্যা করে একদল বিপথগামী সেনাসদস্য। সেদিন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার মধ্য দিয়ে তারা জাতিকে কলঙ্কিত করেছিল। হোঁচট খেয়েছিল তাঁর ‘সোনার বাংলা’ গড়ার কর্মসূচি।

জাতীয় শোক দিবস রাষ্ট্রীয় মর্যাদায় পালনের লক্ষ্যে সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তর নানা কর্মসূচি নিয়েছে। বঙ্গবন্ধুর গড়া সংগঠন আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলো দুই দিনব্যাপী বিস্তারিত কর্মসূচি নিয়েছে। বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনও নানা কর্মসূচি নিয়েছে। এসব আয়োজনের মধ্যে রয়েছে শ্রদ্ধা নিবেদন, মিলাদ ও দোয়া মাহফিল, আলোচনা সভা, দুস্থ ব্যক্তিদের মধ্যে খাবার বিতরণ, বিশেষ মোনাজাত। আজ সরকারি ছুটি।

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিবসটি উপলক্ষে আলাদা বাণী দিয়েছেন।

১৫ আগস্ট বঙ্গবন্ধু ছাড়াও নির্মম হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন বঙ্গবন্ধুর সহধর্মিণী বেগম ফজিলাতুন্নেছা মুজিব, বঙ্গবন্ধুর ভাই শেখ আবু নাসের, জাতির জনকের তিন ছেলে শেখ কামাল, শেখ জামাল ও শিশু শেখ রাসেল, বঙ্গবন্ধুর দুই পুত্রবধূ সুলতানা কামাল ও রোজী জামাল, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক শেখ ফজলুল হক মণি ও তাঁর অন্তঃসত্ত্বা স্ত্রী বেগম আরজু মণি, স্বাধীনতাসংগ্রামের অন্যতম সংগঠক আবদুর রব সেরনিয়াবাত, তাঁর ছোট মেয়ে বেবী সেরনিয়াবাত, কনিষ্ঠ পুত্র আরিফ সেরনিয়াবাত, নাতি সুকান্ত আবদুল্লাহ বাবু, ভাতিজা শহীদ সেরনিয়াবাত, আবদুল নঈম খান রিন্টু; বঙ্গবন্ধুর প্রধান নিরাপত্তা কর্মকর্তা জামিল উদ্দিন আহমেদ প্রমুখ।