বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শুক্রবার সকালে রাজধানীর ধানমন্ডিতে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে তিনি এ শ্রদ্ধা জানান।
ফুল দেওয়ার পর প্রধানমন্ত্রী সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। পরে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী হিসেবে দলের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে আরেকবার ফুল দেন।
১৯৭১ সালের এই দিনে কুষ্টিয়া জেলার মেহেরপুরের বৈদ্যনাথতলা আমবাগানে বাংলাদেশের প্রথম প্রবাসী সরকার গঠন করা হয়। বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদন করে পরে এই স্থানের নামকরণ করা হয় মুজিবনগর। প্রবাসী সরকারের রাষ্ট্রপতি হিসেবে তাঁর নাম ঘোষিত হয়।
বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে সৈয়দ নজরুল ইসলামকে অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব দেওয়া হয়। তাজউদ্দীন আহমদ ছিলেন নিয়োগপ্রাপ্ত প্রথম প্রধানমন্ত্রী। ক্যাপ্টেন মনসুর আলী ও এএইচএম কামারুজ্জামানকে মন্ত্রিপরিষদের সদস্য করা হয়।
গুরুত্বপূর্ণ এই মন্ত্রিপরিষদের সফল নেতৃত্বে পরিচালিত মুক্তিযুদ্ধের মাধ্যমে ওই বছরের ১৬ ডিসেম্বর মহান বিজয় অর্জিত হয়।
ফুল দেওয়ার সময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ ও মশিউর রহমান, সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী ও সতীশ চন্দ্র রায়, সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ চৌধুরী, সাবেক মন্ত্রী আব্দুল মতিন খসরু, সাংসদ শামসুল হক, পঙ্কজ দেবনাথ, যুবলীগ সভাপতি ওমর ফারুক চৌধুরী।
পরে যুবলীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, কৃষক লীগসহ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতারা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দেন।