বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের ৪৪তম বার্ষিকী ছিল গতকাল রোববার। স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে গতকাল গোপালগঞ্জ, ফরিদপুর, নড়াইল, চুয়াডাঙ্গাসহ বিভিন্ন স্থানে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলিসহ নানা কর্মসূচি পালন করেছে।
প্রথম আলোর আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
ফরিদপুর: সকালে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে উপজেলা আওয়ামী লীগ। পরে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের নিহত সদস্যদের রুহের মাগফিরাত কামনা করে ফাতিহা পাঠ ও বিশেষ মোনাজাত করা হয়।
এ সময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল হালিম, উপজেলা পরিষদের চেয়ারম্যান গাজী গোলাম মোস্তফা, সাবেক চেয়ারম্যান সোলাইমান বিশ্বাস, পৌর মেয়র ইলিয়াস হোসেন, নবনির্বাচিত পৌর মেয়র শেখ আহম্মদ হোসেন মির্জাসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
সকাল নয়টার দিকে ফরিদপুর জেলা আওয়ামী লীগের কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলির মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়। এ সময় জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সাহেব সরোয়ার, কোতোয়ালি আওয়ামী লীগের সভাপতি মো. আবদুর রাজ্জাক, সাধারণ সম্পাদক সামসুল আলম, শহর আওয়ামী লীগের সভাপতি নাজমুল হাসান খন্দকার প্রমুখ উপস্থিত ছিলেন।
নড়াইল: সকাল সাড়ে সাতটায় জেলা আওয়ামী লীগের কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। পরে আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সাবেক জ্যেষ্ঠ সহসভাপতি ফজলুর রহমান জিন্নাহ। বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দীন খানসহ আফরোজা খানম, সালমা রহমান, হামিনুর রহমান, চন্দ্র শেখর কুণ্ডু প্রমুখ।
চুয়াডাঙ্গা: সকাল সাতটায় জেলা আওয়ামী লীগের কার্যালয় চত্বরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। জেলা আওয়ামী লীগের সভাপতি হুইপ সোলায়মান হক জোয়ার্দার জাতীয় পতাকা ও প্রচার সম্পাদক ফেরদৌস ওয়ারা দলীয় পতাকা উত্তোলন করেন। পরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ ও আলোচনা সভা হয়। এতে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
ইসলামী বিশ্ববিদ্যালয়: বেলা ১১টায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলামের নেতৃত্বে মিছিল বের করা হয়। মিছিলটি ছাত্রলীগের দলীয় টেন্ট থেকে শুরু হয়ে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে একই স্থানে এসে সমাবেশ করে। সমাবেেশ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহসভাপতি মিজানুর রহমান, যুগ্ম সম্পাদক শাহিনুর রহমান, প্রচার সম্পাদক ফাহিমুর রহমানসহ নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।