বঙ্গবন্ধুর বরাদ্দ দেওয়া টাকা ৩৮ বছরেও পাননি মাধবী লতা
১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে আত্মোত্সর্গ করেছেন রাজবাড়ী শহরের ভাজনচালার মনোরঞ্জন দেবদাস। ১৯৭২ সালে তত্কালীন প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান স্বাক্ষরিত দুটি স্বীকৃতিপত্রের মাধ্যমে মনোরঞ্জনের পরিবারকে ৪ হাজার টাকা আর্থিক বরাদ্দ দেওয়া হলেও ৩৮ বছরেও সে অর্থ মেলেনি। আজও বরাদ্দপত্র দুটি নিয়ে মনোরঞ্জনের স্ত্রী মাধবী লতা দেবদাস ও তার পরিবার বিভিন্ন স্থানে ঘুরে বেড়াচ্ছেন। রাজবাড়ী পৌর শহরের বিনোদপুর ভাজনচালার বাসিন্দা মাধবী লতা দেবদাস (৬০) জানান, মুক্তিযুদ্ধের সময় একদিন সকালে স্বামী মনোরঞ্জন দেবদাস দুই শিশুসন্তান রত্না রানী ও স্বপ্নাকে রেখে আমাদের কাছ থেকে বিদায় নিয়ে বাড়ি থেকে বের হয়ে যান।এর কয়েকদিন পরই এলাকার হোসেন উল্লাহ (মৃত) নামের এক বিহারি তার বড় মেয়ে স্বপ্নাকে আছড়ে মেরে ফেলে। কিছুদিন পরে তিনি লোকমুখে জানতে পারেন, তার স্বামীকে পাকিস্তানি হানাদারেরা মেরে ফেলেছে। ১৯৭২ সালে তত্কালীন প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে সাহায্যস্বরূপ মনোরঞ্জন দেবদাসের স্ত্রীকে পৃথক দুটি পত্রে দুই হাজার টাকা করে চার হাজার টাকা বরাদ্দ দেন। ওই বরাদ্দপত্রে গোয়ালন্দ মহাকুমা প্রশাসকের দপ্তর থেকে বরাদ্দের টাকা (চেক নম্বর-সিএ ০৩৩১১৩ ও সিএ ০৩৩২২৭) সংগ্রহের জন্য বলা হয়। এ বরাদ্দের টাকার জন্য মাধবী লতা বারবার ওই দপ্তরে ধরনা দিয়েছেন। কিন্তু আজও সেই টাকা পাননি তিনি। মাধবী তাঁর একমাত্র মেয়ে রত্নাকে অর্থের অভাবে এখনো বিয়ে দিতে পারেননি। রত্না রানী বলেন, বাবাকে দেখার সৌভাগ্য হয়নি। এ দীর্ঘ সময়ে তাদের ভাগ্যে সরকারের এতটুকু সহানুভূতিও জোটেনি। জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আবুল হোসেন বলেন, স্বাধীনতার পর বঙ্গবন্ধু ক্ষতিগ্রস্ত এমন অনেককেই অনুদান দিয়েছিলেন। মনোরঞ্জনের বিষয়টি আমার জানা নেই, তাই কিছু বলতে পারছি না। জেলা প্রশাসক ফয়েজ আহম্মদ বলেন, এ বিষয়টি তার জানা নেই, কেউ এ ব্যাপারে তাঁর কাছে আসেনি। যদি কেউ আসে, তাহলে কিছু করা যায় কি না অবশ্যই তা দেখবেন।