বঙ্গবন্ধুর বৃহৎ প্রতিকৃতি আঁকবেন দেড় শ শিল্পী

দেশে দেড় শ চারুশিল্পী বঙ্গবন্ধুর ৪৩ ফুট উচ্চতার প্রতিকৃতি আঁকবেন। চারুশিল্পী সংসদের আয়োজনে শোক দিবসে সর্ববৃহৎ প্রতিকৃতি অঙ্কনের এই কমূর্সচির উদ্যোগ নেওয়া হয়েছে। ৪৩ ফুট উচ্চতার এ প্রতিকৃতিটি স্থাপন করা হবে টিএসসির মিলন চত্বরের পাশে, যা প্রায় চার তলাবিশিষ্ট একটি ভবনের সমান।
রোববার দুপুরে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় বাংলাদেশ চারুশিল্পী সংসদ। এ সময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন চারুশিল্পী সংসদের সভাপতি জামাল আহমেদ, সহসভাপতি নাজমা আক্তার, সাধারণ সম্পাদক কামাল পাশাসহ অন্যান্যরা। লিখিত বক্তব্য পাঠ করেন সদস্য তৈমুর হাসান। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাতে এবং তাঁর আকাশপ্রমাণ ব্যক্তি উচ্চতাকে প্রজন্মের সামনে দৃশ্যমান করতে বাংলাদেশ চারুশিল্পী সংসদ উদ্যোগ নিয়েছে বঙ্গবন্ধুর এযাবৎকালের হাতে আঁকা সর্ববৃহৎ প্রতিকৃতি অঙ্কনের—এমনটাই বলেছেন শিল্পীরা।
রোববার সংবাদ সম্মেলনে জানানো হয়, সুবিশাল এ কর্মযজ্ঞে বঙ্গবন্ধুর প্রতিকৃতির ছবি নির্বাচন, লে আউট তৈরি, ক্যানভাস প্রস্তুতসহ কারিগরি কাজ শুরু হয়েছে ১ আগস্ট থেকে। বর্তমানে টিএসসির মিলনায়তন ও সুইমিংপুল চত্বরে চলছে ক্যানভাসে লাইন ড্রয়িংয়ের কাজ।
লিখিত বক্তব্যে জানানো হয়, এবার জাতির জনকের ৪৩তম প্রয়াণ দিবসের নিরিখে এই উচ্চতা নির্ধারণ করা হয়েছে। ক্যানভাসের ওপর অ্যাক্রিলিক কালারে আঁকা হবে মূল ছবি। কোনো তুলি বা অন্য কোনো মাধ্যম নয়, ফ্রেমের শরীরে রং লাগবে হাতের আঁচড়ে। এরপর অনেকগুলো টুকরো ফ্রেমের ক্যানভাসে স্বতন্ত্রভাবে একেকটি অংশ আঁকবেন ভিন্ন ভিন্ন শিল্পীরা। পরে টুকরোগুলোকে একত্রে জুড়ে দিয়ে তৈরি হবে মূল পূর্ণাঙ্গ প্রতিকৃতি।
টিএসসির চৌরাস্তার পাঠাগারের দিকে রাস্তার পাশে ১৪ আগস্ট দিনব্যাপী চলবে স্থাপনার কাজ, যা সম্পন্ন করা হবে সন্ধ্যা ছয়টার মধ্যে। ১৫ থেকে ৩১ আগস্ট পর্যন্ত প্রদর্শিত হবে চিত্রকর্মটি।