বঙ্গবন্ধুর ভাষণ প্রচারে বাধার দায়ে বিএনপি কর্মীর জেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গবন্ধুর ভাষণ প্রচারে বাধা দেওয়ার অভিযোগে রাজশাহীর বাগমারায় বিএনপির এক কর্মীকে ভ্রাম্যমাণ আদালত তিন মাসের কারাদণ্ড দিয়েছেন। দণ্ডপ্রাপ্ত আহসান হাবিব (৩২) উপজেলার সৈয়দপুর গ্রামের মৃত শুকুর আলীর ছেলে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সৈয়দপুর রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ে ২৬ মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বিদ্যালয় কর্তৃপক্ষ নানা অনুষ্ঠানের আয়োজন করে। সকালে বিদ্যালয় চত্বরে মাইকে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ প্রচার হচ্ছিল। সকাল নয়টার দিকে ওই গ্রামের বিএনপির কর্মী আহসান হাবিব ভাষণ প্রচারে নিষেধ করলেও আয়োজকেরা প্রচার অব্যাহত রাখেন। এতে ক্ষিপ্ত হয়ে কিছুক্ষণ পর আহসান হাবিব সেখানে যান এবং আয়োজকদের সঙ্গে তর্কে লিপ্ত হন। একপর্যায়ে তিনি মাইকের তার ছিঁড়ে ফেলেন, এতে ভাষণ প্রচার বন্ধ হয়ে যায়। বিষয়টি জেনে আওয়ামী লীগের স্থানীয় নেতারা পুলিশে খবর দেন। সকাল ১০টার দিকে হাটগাঙ্গোপাড়া তদন্তকেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহসান হাবিবকে আটক করে। পরে তাঁকে বাগমারা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। সোমবার রাত নয়টার দিকে আহসান হাবিবকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু ইউসুফ মো. রেজাউর রহমানের দপ্তরে হাজির করা হয়। সেখানে ইউএনও ভ্রাম্যমাণ আদালত বসিয়ে আহসান হাবিবকে তিন মাসের কারাদণ্ড দেন। উপজেলা বিএনপির সদস্য ও স্থানীয় শুভডাঙ্গা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুল জলিল জানান, আহসান হাবিব বিএনপির কর্মী। হাটগাঙ্গোপাড়া তদন্তকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত উপপরিদর্শক (এসআই) জাকির হোসেন জানান, বঙ্গবন্ধুর ভাষণ বাজাতে বাধা ও মাইকের তার ছেঁড়ার অভিযোগে সকাল ১০টার দিকে ঘটনাস্থল থেকে আহসান হাবিবকে আটক করা হয়। রাতে ইউএনও নিজ দপ্তরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাঁকে তিন মাসের সাজা দিয়েছেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও আবু ইউসুফ মো. রেজাউর রহমান আটকের প্রায় ১১ ঘণ্টা পরে তাঁর দপ্তরে আহসান হাবিবকে সাজা প্রদান প্রসঙ্গে বলেন, ব্যস্ততার কারণে ওই সময়ে সাজা দেওয়া যায়নি। এ ছাড়া কোন ধারায় সাজা দেওয়া যায়, তা খুঁজতে ও পর্যালোচনা করতে সময় লেগেছে। তাঁকে দণ্ডবিধির ১৮৬ ধারায় সাজা দেওয়া হয়েছে বলে তিনি জানান।