বঙ্গবন্ধুর ভাস্কর্য ও মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধ নির্মাণের দাবি
চট্টগ্রামে বঙ্গবন্ধুর ভাস্কর্য, মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধ ও জাদুঘর নির্মাণের দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে মুক্তিযোদ্ধা সংসদের চট্টগ্রাম জেলা ইউনিট কমান্ড। চট্টগ্রাম শহীদ মিনার চত্বরে গতকাল বেলা তিনটায় এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মুক্তিযোদ্ধা সংসদের জেলা কমান্ডার মো. সাহাব উদ্দিনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক শাহ আলম, নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন, উদীচী শিল্পীগোষ্ঠীর কেন্দ্রীয় সংসদের সহসভাপতি চন্দন দাশ, মুক্তিযোদ্ধা বদিউল আলম, মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্রের চেয়ারম্যান মাহফুজুর রহমান, সিটি করপোরেশনের কাউন্সিলর রেহেনা বেগম, পেশাজীবী সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক রিয়াজ হায়দার চৌধুরী প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, চট্টগ্রাম মুক্তিযুদ্ধের সূতিকাগার। এখান থেকেই প্রথম বঙ্গবন্ধুর ছয় দফার পক্ষে এম এ আজিজ লালদীঘিতে জনসভা করে সমর্থন ঘোষণা করেন। একাত্তরে এখান থেকেই প্রথম প্রতিরোধ যুদ্ধ শুরু হয় ও বঙ্গবন্ধুর পক্ষে এম এ হান্নান প্রথম স্বাধীনতার ঘোষণা পাঠ করেছিলেন। চট্টগ্রামে জাতির জনকের কোনো ভাস্কর্য স্থাপন করা হয়নি। ঐতিহাসিক স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের বর্তমান অবস্থা অত্যন্ত নাজুক। মুক্তিযুদ্ধে শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে কোনো স্মৃতিসৌধ নির্মাণ করা হয়নি। অবিলম্বে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রকে সংরক্ষণ ও মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধ নির্মাণ করতে হবে। বক্তারা আরও বলেন, একাত্তরে মুক্তিযুদ্ধের সময় মীর কাসেম আলী ডালিম হোটেলে অসংখ্য মুক্তিযোদ্ধার ওপর নির্যাতন চালিয়েছেন ও হত্যা করেছেন। ঐতিহাসিক এই ডালিম হোটেলকে সংরক্ষণ করতে হবে।