সাংবাদিক সমাবেশে ইকবাল সোবহান চৌধুরী
বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরকারীদের বিশেষ ট্রাইব্যুনালে বিচার করতে হবে
ডেইলি অবজারভার পত্রিকার সম্পাদক ইকবাল সোবহান চৌধুরী বলেছেন, ‘বঙ্গবন্ধুর ভাস্কর্যে আঘাত হানা মানে আমাদের সংবিধানের ওপর আঘাত হানা। আমাদের স্বাধীনতার ওপর, আমাদের মুক্তিযুদ্ধের চেতনার ওপর আঘাত হানা। তাই এটি সাধারণ কোনো অপরাধ নয়। এটি একটি সংবিধানবিরোধী এবং স্বাধীনতাবিরোধী অপরাধ। এর বিচার সাধারণভাবে নয়, প্রয়োজনে বিশেষ ট্রাইব্যুনালে গঠন করে তাদের বিচার করতে হবে।’
কুষ্টিয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে আজ বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে সাংবাদিক সমাবেশে ইকবাল সোবহান চৌধুরী এ দাবি জানান। দুপুরে ঢাকা সাংবাদিক ইউনিয়ন এই কর্মসূচির আয়োজন করে।
ইকবাল সোবহান বলেন, ‘যারা আমাদের স্বাধীনতায় বিশ্বাস করে না। আমাদের সংবিধানে বিশ্বাস করে না, তাদের এই দেশে থাকার কোনো অধিকার নেই। আজকে বঙ্গবন্ধুর ভাস্কর্যের ওপর আঘাত হানা হয়েছে ধর্মের নামে, ধর্মকে ব্যবহার করে। কিন্তু আরও ভাস্কর্য যেমন জিয়াউর রহমান, যিনি ক্ষমতা দখল করেছিলেন, তাঁর ভাস্কর্যের ওপর আঘাত হানা হয়নি। বিএনপি আজকে এই প্রশ্নে নিশ্চুপ। এর রহস্য আমাদের জানা দরকার। এই ভাস্কর্যের ওপর আঘাতের মাধ্যমে আমরা এক দীর্ঘ নীলনকশা দেখতে পাই।’
মানববন্ধনে অংশ নেওয়া সাংবাদিকেরা বলেন, করোনার সময় যখন মানুষকে রক্ষা করা প্রয়োজন সে সময় একটি গোষ্ঠী যারা স্বাধীনতার পরাজিত শক্তি, তারা দেশে অস্থিতিশীলতা ও অরাজকতা সৃষ্টি করার অপচেষ্টা করছে। কিছুদিন পরেই বিজয় দিবস। এরপর স্বাধীনতার ৫০ বছর পালন করবে পুরো জাতি। একই সঙ্গে মুজিব বর্ষ পালিত হচ্ছে। সে সময় হঠাৎ ধর্মকে ব্যবহার করে অশুভ শক্তি মাথা চাড়া দিয়ে উঠেছে। এ সময় সাংবাদিকদের সঠিকভাবে দায়িত্ব পালন করতে হবে।
ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি কুদ্দুস আফ্রাদের সভাপতিত্বে মানববন্ধনে অংশ নেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি সাইফুল আলম, সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সাবেক সভাপতি মনজুরুল আহসান, বর্তমান সভাপতি মোল্লা জালাল, মহাসচিব শাবান মাহমুদ, কোষাধ্যক্ষ দীপ আজাদ প্রমুখ।