বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরকারীদের শাস্তি দিতে নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাইকোর্ট
ফাইল ছবি

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুরসহ অসম্মান প্রদর্শনকারী দুর্বৃত্তদের বিরুদ্ধে সংবিধান ও প্রচলিত ফৌজদারি আইন অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে আজ মঙ্গলবার বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন। একই সঙ্গে ভাস্কর্য, ম্যুরাল ও প্রতিকৃতি সম্পর্কে জনগণকে সচেতন ও জনমনে বিভ্রান্তি দূর করতে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক ও বায়তুল মোকাররম মসজিদের খতিবকে গণমাধ্যমে বক্তব্য প্রচার করতে বলা হয়েছে।

বঙ্গবন্ধুর ভাস্কর্যসহ দেশে বিদ্যমান সব ভাস্কর্য রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশনা চেয়ে ৬ ডিসেম্বর সুপ্রিম কোর্টের আইনজীবী উত্তম লাহিড়ী রিটটি করেন। আজ সম্পূরক একটি আবেদন দাখিল করেন রিটকারী। আদালতে রিটের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী শাহ মঞ্জুরুল হক ও নাহিদ সুলতানা। রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায়।


পরে আইনজীবী নাহিদ সুলতানা বলেন, বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরসহ অসম্মান প্রদর্শনকারীদের বিরুদ্ধে সংবিধানের ৭(ক) অনুসারে রাষ্ট্রদ্রোহিতাসহ প্রচলিত অন্যান্য আইনে ব্যবস্থা নিতে স্বরাষ্ট্র সচিবসহ বিবাদীদের নির্দেশ দিয়েছেন আদালত। জাতির জনক বঙ্গবন্ধুর ভাস্কর্য স্থাপন ও ব্যবস্থাপনায় সুরক্ষার ক্ষেত্রে ভাঙচুরকারী দুর্বৃত্তদের বিরুদ্ধে সংবিধানের ৭(ক) অনুচ্ছেদ, দণ্ডবিধি ও প্রচলিত আইন অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থার ক্ষেত্রে বিবাদীদের নিষ্ক্রিয়তা কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না—এ বিষয়ে রুল হয়েছে বলে জানান ওই আইনজীবী।