বঙ্গবন্ধুর মানপত্র ও উপহার সামগ্রী প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর

১৯৭৫ সালের ১৫ আগস্ট ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠান। গোটা ক্যাম্পাস সেজেছিল বর্ণিল সাজে। আর
শিক্ষক-শিক্ষার্থীরা সবাই ছিলেন আচার্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বরণ করে নেওয়ার প্রতীক্ষায়। কিন্তু সংবর্ধনা অনুষ্ঠান
শুরুর মাত্র কয়েক ঘণ্টা আগে ঘাতকদের নির্মম বুলেটের আঘাতে সপরিবারে শহীদ হয়েছিলেন স্বাধীন বাংলাদেশের স্থপতি।
কিন্তু বঙ্গবন্ধুর আগমন উপলক্ষে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের রচিত মানপত্র ও উপহারসামগ্রী আজও আছে। গতকাল শনিবার
রাজধানীর ধানমন্ডির বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর প্রাঙ্গণে সেই মানপত্র ও উপহারসামগ্রী বঙ্গবন্ধুকন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে
হস্তান্তর করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক। উপাহারসামগ্রীর মধ্যে রয়েছে বঙ্গবন্ধুর উদ্দেশে লেখা
মানপত্র ও এর কাস্কেট, রুপার তৈরি ক্রেস্ট এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোগ্রামসংবলিত একটি ক্রেস্ট ।
বাবার উদ্দেশে লেখা মানপত্র ও উপহার হাতে পেয়ে আবেগতাড়িত কণ্ঠে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ
দীর্ঘ ৩৮ বছর এসব সামগ্রী যেভাবে সংরক্ষণ করেছে, তা অবর্ণনীয়।
শেখ হাসিনা বলেন, দেশের প্রকৃত ইতিহাস তুলে ধরার জন্য এবং জনগণের কল্যাণে বঙ্গবন্ধু ভবনকে জাদুঘরে পরিণত করা
হয়েছে। জাদুঘর সম্প্রসারণের জন্য বঙ্গবন্ধু ভবনের পেছনে একখণ্ড জমি কেনা হয়েছে। এই জাদুঘরে একটি পাঠাগার ও আর্কাইভ
প্রতিষ্ঠা করা হবে। তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছ থেকে পাওয়া এসব উপহারসামগ্রী বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে
প্রদর্শনের জন্য রাখা হবে। যাতে জনগণ সঠিক ইতিহাস জানতে পারে।
প্রসঙ্গত, ২০০৯ সালের ২ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত ডেপুটি রেজিস্ট্রার আমির হোসেন প্রশাসনিক ভবনে তাঁর ব্যক্তিগত
কাগজপত্র খোঁজার সময় একটি কাঠের ফ্রেমে আটকানো মানপত্রটির সন্ধান পান। ৪ ডিসেম্বর তিনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে
মানপত্রটি হস্তান্তর করেন। অন্যদিকে ক্রেস্ট ও কাস্কেটটি রেজিস্ট্রারের কার্যালয়ে সুরক্ষিত অবস্থায় পাওয়া যায়।