বঙ্গবন্ধুর মানপত্র প্রধানমন্ত্রীকে হস্তান্তর

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কর্তৃপক্ষ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্য তৈরি ঐতিহাসিক মানপত্রটি তাঁর মেয়ে ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে হস্তান্তর করেছে। ১৯৭৫ সালের ১৫ আগস্ট এক সমাবর্তন অনুষ্ঠানে মানপত্রটি বঙ্গবন্ধুকে দেওয়ার কথা ছিল। এর কয়েক ঘণ্টা আগে বঙ্গবন্ধু নির্মম হত্যাকাণ্ডের শিকার হন।
আজ শনিবার রাজধানীর ধানমন্ডির বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর হাতে ঐতিহাসিক ওই মানপত্র এবং কিছু উপহারসামগ্রী তুলে দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক। খবর বাসসের।
অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর দীর্ঘ ৩৮ বছর মানপত্র এবং অন্যান্য উপহার সযত্নে সংরক্ষণের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, ‘মানপত্র এবং অন্য উপহারসামগ্রী বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে হস্তান্তর করা হবে, যাতে করে জনগণ দেশের সঠিক ইতিহাস জানতে পারে।’ তিনি বলেন, ‘ভবিষ্যত্ প্রজন্ম বাংলাদেশের স্বাধীনতা ও অভ্যুদয়ের সঠিক ইতিহাস জানতে পারবে।’
প্রধানমন্ত্রী বলেন, আগস্ট হত্যাযজ্ঞের পর বাংলার মাটি থেকে বঙ্গবন্ধুর নাম মুছে ফেলার সব ধরনের অপচেষ্টা চালানো হয়েছে। তিনি বলেন, ইতিহাস ইতিহাসই, কেউ তা পরিবর্তন বা গোপন করতে পারে না।
১৯৭৫ সালের ১৫ আগস্ট ঢাবির ওই সমাবর্তনে বিশ্ববিদ্যালয়ের তত্কালীন আচার্য বঙ্গবন্ধুকে মানপত্র ও এর কাস্কেট, রুপার তৈরি ক্রেস্ট এবং ঢাবির মনোগ্রাম সংবলিত একটি ক্রেস্ট দেওয়ার কথা ছিল।
২০০৯ সালের ২ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের এক কক্ষে একটি আলমারির মধ্যে ফাইলের স্তূপে কাঠের ফ্রেমে আটকানো মানপত্রটি পাওয়া যায়। অপরদিকে ক্রেস্ট ও কাস্কেটটি রেজিস্ট্রার অফিসে সুরক্ষিত অবস্থায় পাওয়া যায়।
বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত ডেপুটি রেজিস্ট্রার আমির হোসেন ‘রেজিস্ট্রার ভবনে’ তাঁর ব্যক্তিগত কাগজপত্র খোঁজার সময় এ মানপত্রের সন্ধান পান এবং তিনি ২০০৯ সালের ৪ ডিসেম্বর তা ঢাবির উপাচার্যের কাছে হস্তান্তর করেন।
এ সময় প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা গওহর রিজভী, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক এ কে আজাদ চৌধুরী, ঢাবির সহ-উপাচার্য (প্রশাসন) শহিদ আখতার হোসেন, নাসরিন আহমেদ (শিক্ষা) প্রমুখ উপস্থিত ছিলেন।