বঙ্গবন্ধুর মৃত্যুতে দক্ষিণ এশিয়ায় শূন্যতার সৃষ্টি হয়েছিল
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুতে শুধু বাংলাদেশই নয়, সমগ্র দক্ষিণ এশিয়ার গণতান্ত্রিক আবহে এক গভীর শূন্যতার সৃষ্টি হয়েছিল। বঙ্গবন্ধুর ৪২তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে গতকাল মঙ্গলবার ভারতের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশন আয়োজিত আলোচনা সভায় বিশিষ্টজনেরা এই অভিমত ব্যক্ত করেন।
অনুষ্ঠানে বঙ্গবন্ধুর জীবনের বিভিন্ন দিক ও তাঁর রাজনৈতিক প্রাসঙ্গিকতা নিয়ে আলোচনা করেন জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এস ডি মুনি। স্বাধীনতা লাভের মধ্য দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠার যে লড়াই বঙ্গবন্ধু শুরু করেছিলেন, তার বিভিন্ন দিক নিয়ে কথা বলেন সাবেক জেনারেল দীপক কাপুর। বঙ্গবন্ধুর নেতৃত্বের বিভিন্ন দিক নিয়ে কথা বলেন সাবেক রাষ্ট্রদূত রণেন সেন। আলোচনা সভা পরিচালনা করেন ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সৈয়দ মুয়াজ্জেম আলী। গতকাল সকালে বাংলাদেশ হাইকমিশনের পতাকা অর্ধনমিত রাখা হয়। এক মিনিট নীরবতাও পালন করা হয়।
বেকার হোস্টেলে শ্রদ্ধা নিবেদন
কলকাতা প্রতিনিধি জানান, যথাযোগ্য মর্যাদায় গতকাল কলকাতায় পালিত হয়েছে বঙ্গবন্ধুর শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস। সকালে বঙ্গবন্ধুর স্মৃতিবিজড়িত কলকাতার ৮ স্মিথ লেনের সরকারি বেকার হোস্টেলের ২৪ নম্বর কক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতি এবং কক্ষের সামনে বঙ্গবন্ধুর আবক্ষ মূর্তিতে মাল্যদান করা হয়। মাল্যদান করেন কলকাতায় নিযুক্ত বাংলাদেশের উপহাইকমিশনার তৌফিক হাসানসহ উপহাইকমিশনের কর্মকর্তা ও কলকাতার বিশিষ্টজনেরা।
এরপর বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের নিহত সদস্যদের আত্মার শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়। আলোচনা সভা ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন করে উপহাইকমিশন।
কাল বৃহস্পতিবার কলকাতার মাওলানা আজাদ কলেজ মিলনায়তনে আলোচনা সভা আয়োজন করেছে উপহাইকমিশন।