বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী, আজ বিভিন্ন কর্মসূচি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ শুক্রবার সকাল থেকে চট্টগ্রাম নগরে কোরআনখানি, মিলাদ মাহফিল ও আলোচনা সভার আয়োজন করেছে নগর আওয়ামী লীগ। তবে নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী গোপালগঞ্জের উদ্দেশে গতকাল বৃহস্পতিবার যাত্রা করেন।
আজ সকাল নয়টায় নগর আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে দারুল ফজল মার্কেটে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দেওয়া হবে। সকাল ১০টায় কোরআনখানি ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে দলীয় কার্যালয়ে। বিকেলে মুসলিম ইনস্টিটিউটে আলোচনা সভায় দলীয় নেতারা বক্তৃতা করবেন।
কোতোয়ালি থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাসান মনসুর প্রথম আলোকে বলেন, ওয়ার্ড ও থানাভিত্তিক কর্মসূচিও হাতে নেওয়া হয়েছে। তবে এবার জাতীয় শোক দিবস উপলক্ষে সব ধরনের চাঁদাবাজি নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
গোপালগঞ্জে মেজবান: বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ সকাল থেকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মেজবানের আয়োজন করেন নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী। সেখানে আজ ১০০ মণ গরুর মাংস ছাড়াও পর্যাপ্ত মুরগি ও ছাগলের মাংস দিয়ে ২৫ হাজার লোকের খাবারের আয়োজন করা হয়েছে।
গতকাল বিকেলে যোগাযোগ করা হলে এ বি এম মহিউদ্দিন চৌধুরী এ প্রসঙ্গে বলেন, ‘আমি গোপালগঞ্জের উদ্দেশে যাত্রা করতে ঢাকায় গিয়েছি। গোপালগঞ্জে প্রতিবছরের মতো এবারও গরু, ছাগল ও মুরগি দিয়ে আমরা মেজবান করছি। গরিব-মিসকিন ছাড়াও মেহমানদের জন্য এই আয়োজন।’