বঙ্গবন্ধুর ম্যুরাল প্রতিকৃতি উন্মোচন

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গতকাল শনিবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিসংবলিত ম্যুরাল উন্মোচন করা হয়েছে। সকাল ৯টা ৪০ মিনিটে এটি উন্মোচন করেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান আবদুল মান্নান।
এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আমিনুল হক ভূঁইয়াসহ বিশ্ববিদ্যালয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বঙ্গবন্ধুর ম্যুরাল স্থাপন কমিটির আহ্বায়ক মো. রাশেদ তালুকদার।
উপাচার্যের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন ইউজিসির চেয়ারম্যান। তিনি বলেন, বঙ্গবন্ধু একজন সাধারণ রাজনৈতিক কর্মী থেকে জাতির জনক হয়েছিলেন। বাংলাদেশে বঙ্গবন্ধুকে অপছন্দ করে, এমন লোকের অভাব নেই। তাই এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের ম্যুরালের পাহারাদার হিসেবে থাকতে হবে।
বিশ্ববিদ্যালয় প্রকৌশলী সৈয়দ হাবীবুর রহমান জানান, গত ১৭ জুলাই ম্যুরালটির নির্মাণকাজ শুরু হয়। ৮ ফুট উচ্চতা ও ৬ ফুট প্রস্থের এ প্রতিকৃতি তৈরিতে খরচ হয়েছে প্রায় ১৭ লাখ টাকা। বিশ্ববিদ্যালয়ের ১৯৮তম সিন্ডিকেট সভায় এটি নির্মাণের অনুমোদন দেওয়া হয়।