বঙ্গবন্ধুর ম্যুরালে লেখা কবিতার লাইনে ভুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের কেশবপুরে বঙ্গবন্ধুর ম্যুরাল উদ্বোধন করা হয়েছে। ম্যুরালে অন্নদাশঙ্কর রায়ের কবিতার পঙ্ক্তিতে দুটি নদীর নাম ওলটপালট করে লেখা হয়েছে। এ নিয়ে উপস্থিত দর্শকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।
কেশবপুর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের পাশে ম্যুরালটি নির্মাণ করা হয়। ম্যুরালে অন্নদাশঙ্কর রায়ের ‘যত দিন রবে পদ্মা মেঘনা গৌরী যমুনা বহমান, তত দিন রবে কীর্তি তোমার শেখ মুজিবুর রহমান।’ কবিতাংশটির স্থলে ‘যত দিন রবে পদ্মা যমুনা গৌরী মেঘনা বহমান, তত দিন রবে কীর্তি তোমার শেখ মুজিবুর রহমান’ লেখা হয়েছে।
ম্যুরাল বাস্তবায়ন কমিটির সদস্য ও কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি তপন কুমার ঘোষ বলেন, ‘যেখান থেকে ম্যুরালটি তৈরি করা হয়েছে, সেখান থেকে ভুল করা হয়েছে। এটি মারাত্মক ভুল হয়েছে। এটা কীভাবে সংশোধন করা যায়, তা নিয়ে আমরা ভাবছি।’
এদিকে কবিতায় নদীর নামগুলো ওলটপালট লেখায় অনেকেই ক্ষোভ ও দুঃখ প্রকাশ করেছেন। কেশবপুর নাগরিক সমাজের আহ্বায়ক আইনজীবী আবু বক্কর সিদ্দিকী বলেন, কবি অন্নদাশঙ্কর রায়ের লেখাকে ভুল করে এভাবে তৈরি করা ম্যুরালটি লাগানো ঠিক হয়নি। এটি অত্যন্ত দুঃখজনক।
গতকাল বৃহস্পতিবার ম্যুরালটি উদ্বোধন করেন কেশবপুরের সাংসদ ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তপন কুমার ঘোষ।