বঙ্গবন্ধুর লেখা দুর্লভ চিঠি আলোকচিত্র নিয়ে প্রদর্শনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘জাদুমণিআমার স্নেহ ও ভালোবাসা নিও। ওয়াজেদের চিঠি পেয়েছিলাম, উত্তরও দিয়েছি, বোধ হয় পেয়েও থাকবে। জেল হতে বের হয়ে তোমাকে ভালো করে দেখতেও পারি নাই। শুধু তোমার শরীরের দিকে চেয়ে তোমাকে যেতে দিয়েছি। শরীরের যত্ন নিও। ওয়াজেদের শরীর কেমন। তোমরা থাকলেই আমি ভালো থাকি। চিন্তা করে সময় নষ্ট করিও না। বোধ হয় শুনেছ, মানিক ভাই পিন্ডিতে হঠাৎ মারা গিয়াছেন। প্রফেসর হাই সাহেবও মারা গিয়াছেন। বাংলাদেশের দুই জন কৃতী সন্তান আমরা হারালাম। চিন্তা করিও না। সুইডেন খুব সুন্দর দেশ। তোমাদের খুব ভালো লাগবে। চিঠি দিও।তোমার আব্বা।’এই চিঠি লিখেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৬৯ সালের ১৩ জুন বিদেশে অবস্থানরত কন্যা শেখ হাসিনাকে (বর্তমান প্রধানমন্ত্রী)। দুর্লভ চিঠিটি প্রদর্শিত হচ্ছে রাজধানীর আগারগাঁওয়ের আর্কাইভস ভবনে ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ শীর্ষক প্রদর্শনীতে। বঙ্গবন্ধুর ৩৫তম মৃত্যুবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে গতকাল রোববার শুরু হয়েছে এ প্রদর্শনী। আর্কাইভস ও গ্রন্থাগার অধিদপ্তর আর্কাইভস ভবনের পাশাপাশি গ্রন্থাগার ভবনেও একই নামে প্রদর্শনীর আয়োজন করেছে।প্রদর্শনীতে বঙ্গবন্ধুর লেখা কয়েকটি চিঠি, বিভিন্ন সময়ে তাঁর আলোকচিত্র, তাঁর পরিবারের সদস্যদের আলোকচিত্র, বই, স্বাধীনতা-পূর্ব ও স্বাধীনতা-উত্তর সময়ে বিভিন্ন পত্রিকা স্থান পেয়েছে, যা বাঙালির অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধুর বর্ণাঢ্য জীবনকে তুলে ধরেছে।সকালে প্রদর্শনীর উদ্বোধন করে সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন বলেন, যারা দেশের স্বাধীনতায় বিশ্বাসী না, তারা সব সময় দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত থাকে। তাই তো ’৭১-এ দেশ স্বাধীন হওয়ার মাত্র কয়েক বছর পর ’৭৫ সালে নৃশংসভাবে সপরিবারে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে। এর মাধ্যমে স্বাধীনতাকে নষ্ট করার চেষ্টা করা হয়েছে। এখনো দেশে-বিদেশে তারা ষড়যন্ত্র করছে। তাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।প্রদর্শনীতে ১৯৫৪ সালে যুক্তফ্রন্ট মন্ত্রিসভার সদস্য হিসেবে বঙ্গবন্ধুর শপথ গ্রহণ এবং পরে মতের অমিল হওয়ায় মন্ত্রিসভা থেকে তাঁর পদত্যাগ করা নিয়ে সে সময়ের পত্রিকায় প্রকাশিত খবর ও আলোকচিত্র স্থান পেয়েছে। আছে সাতই মার্চের ভাষণ এবং ১৯৭২ সালের ১০ জানুয়ারি তাঁর স্বদেশ প্রত্যাবর্তনের সংবাদ ও আলোকচিত্র। প্রদর্শনীতে স্বাধীনতা আন্দোলন উপলক্ষে সে সময়ের সংবাদপত্রে প্রকাশিত বিশেষ সংখ্যায় বঙ্গবন্ধুর হাতে লেখা একটি চিঠিও আছে। চিঠিটি লেখা হয় ১৯৭১ সালের ১৯ মার্চ।পরিবারের সদস্যদের সঙ্গে বঙ্গবন্ধুর আলোকচিত্রের পাশাপাশি রংপুরে স্কুলছাত্রীর মাথায় হাত বুলিয়ে দেওয়া, ঈদের দিনে সাধারণ মানুষের সঙ্গে কোলাকুলি করার আলোকচিত্রও প্রদর্শনীতে রয়েছে।আর্কাইভস ভবনে প্রদর্শনীস্থলে দর্শনার্থীদের মন্তব্যের জন্য রাখা হয়েছে খাতা। ওই খাতায় অনেকে মন্তব্য লিখেছেন। সংস্কৃতি প্রতিমন্ত্রী লিখেছেন, ‘...বঙ্গবন্ধু না হলে আমি আজ স্বাধীন দেশের প্রতিমন্ত্রী হতে পারতাম না।’পাশের গ্রন্থাগার ভবনেও চলছে একই নামের প্রদর্শনী। এতে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সদস্যদের বিভিন্ন আলোকচিত্র, ১৯৭১ থেকে ১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে নিয়ে বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত সংবাদ, মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুবিষয়ক বইপুস্তক ঠাঁই পেয়েছে। আছে কয়েক খণ্ডে রচিত স্বাধীনতার দলিলপত্র। দর্শনার্থীরা আগ্রহ নিয়ে দেখেছেন এ প্রদর্শনী।আর্কাইভস ও গ্রন্থাগার ভবনে এ দুটি প্রদর্শনী চলবে ৩১ আগস্ট পর্যন্ত। ছুটির দিন ছাড়া প্রতিদিন সকাল নয়টা থেকে বেলা তিনটা পর্যন্ত প্রদর্শনী খোলা থাকবে।