বঙ্গবন্ধুর শাহাদতবার্ষিকী উপলক্ষে নানা অনুষ্ঠান

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদতবার্ষিকী উপলক্ষে গতকাল রোববার দিনাজপুর ও ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচি পালন করা হয়েছে।
বাংলাদেশ শিশু একাডেমী দিনাজপুর জেলা শাখার উদ্যোগে বেলা ১১টায় শিশু একাডেমী মিলনায়তনে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, দুপুর ১২টায় শিশুদের রচনা প্রতিযোগিতা, প্রতিযোগিতা শেষে শিশু একাডেমী অডিটোরিয়ামে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধবিষয়ক চলচ্চিত্র প্রদর্শনী হয়। এ ছাড়া শিশু একাডেমী প্রাঙ্গণে দিনব্যাপী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীভিত্তিক গ্রন্থের বিক্রয় ও প্রদর্শনী হয়। শিশু একাডেমী দিনাজপুর জেলা শাখার জেলা শিশুবিষয়ক কর্মকর্তা মো. সাইফুল আলম অনুষ্ঠানগুলোর সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেন।
এদিকে গতকাল দুপুরে দিনাজপুর আদর্শ মহাবিদ্যালয় মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কলেজ পরিচালনা পরিষদের সদস্য শাহ্ ইয়াজদান মার্শাল। কলেজের অধ্যক্ষ খালেকুজ্জামানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন কলেজ পরিচালনা পরিষদের সদস্য মো. আক্তার আজিজ। বক্তব্য দেন কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. রবিউল হাসান, ইসলামের ইতিহাসের প্রভাষক ও বিভাগীয় প্রধান মো. আবদুল্লাহ আল মামুন, প্রভাষক মো. আহসান হাবিব, মো. সিরাজুল ইসলাম, ছাত্রলীগ আদর্শ কলেজ শাখার সভাপতি মো. মাসুম শাহ, সম্পাদক মো. মাসুদ রানা চৌধুরী প্রমুখ।
আলোচনা সভায় কলেজের সব শিক্ষক-শিক্ষার্থী উপস্থিত ছিলেন। আলোচনা শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়।
এ ছাড়া এ উপলক্ষে গতকাল সকাল নয়টা থেকে বেলা একটা পর্যন্ত ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালিত হয়েছে। উপজেলা যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড এ কর্মসূচির আয়োজন করে। দিনাজপুর তৈয়বা মজুমদার রেড ক্রিসেন্ট রক্ত কেন্দ্রের সহযোগিতায় রক্ত সংগ্রহ কার্যক্রম পরিচালিত হয়। যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের ৭৯ জন সদস্য স্বেচ্ছায় রক্তদান করেন।
সকাল নয়টায় কর্মসূচির উদ্বোধন করেন সাবেক সাংসদ মো. ইমদাদুল হক। সভাপতিত্ব করেন যুবলীগের সভাপতি সাহজাহান আলী সরকার। এ সময় উপজেলা আওয়ামী লীগের সম্পাদক মো. আখতারুল ইসলাম, সহসভাপতি মুক্তিযোদ্ধা ইকরামুল হক, ধর্মবিষয়ক সম্পাদক সাহজাহান আলী প্রমুখ বক্তব্য দেন।