বঙ্গবন্ধুর সব খুনিকে ফিরিয়ে আনার চেষ্টা চলছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সরকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সব খুনিকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা করছে। এ জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। রায় বাস্তবায়নের মধ্য দিয়ে জাতি এখন কলঙ্কমুক্ত। এখন বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলতে হবে।গতকাল শুক্রবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় কোটালীপাড়া ও টুঙ্গিপাড়া উপজেলার দলীয় নেতা-কর্মী ও জনপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন। এ সময় বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বিচারে রায় কার্যকর করায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান স্থানীয় নেতারা। প্রধানমন্ত্রী বলেন, সুষম উন্নয়নের মাধ্যমে দেশের সব এলাকার উন্নয়ন নিশ্চিত করা হবে। এ জন্য পিছিয়ে পড়া এলাকাগুলোর দিকে বিশেষ নজর দেওয়া হবে। তিনি বলেন, যোগ্যতার ভিত্তিতে দেশের নাগরিকদের চাকরির ব্যবস্থা করা হবে। কৃষিভিত্তিক ও পরিবেশবান্ধব শিল্প-কলকারখানা গড়ে তুলে কর্মসংস্থান সৃষ্টি করা হবে। বঙ্গবন্ধুর কবর জিয়ারত: এর আগে বেলা ১১টা ১৫ মিনিটে প্রধানমন্ত্রী শেখ হাসিনা হেলিকপ্টারযোগে ঢাকা থেকে টুঙ্গিপাড়ায় এসে পৌঁছান। টুঙ্গিপাড়া হেলিপ্যাড থেকে তিনি সরাসরি বঙ্গবন্ধুর সমাধি সৌধে যান। সেখানে পুষ্পার্ঘ্য অর্পণ শেষে তিনি ফাতেহা পাঠ, দোয়া ও বিশেষ মোনাজাত করেন। রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা শেষে তিনি তাঁর বোন শেখ রেহানা, শেখ হেলাল উদ্দিন, ফজলে নূর তাপসকে নিয়ে পুনরায় মোনাজাত করেন। এ সময় অন্যান্যের মধ্যে বাণিজ্যমন্ত্রী ফারুক খান, যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন, প্রধানমন্ত্রীর নিরাপত্তা-বিষয়ক উপদেষ্টা তারেক আহম্মেদ সিদ্দিকী, ভূমিমন্ত্রী রেজাউল করিম, আওয়ামী লীগের ধর্ম-বিষয়ক সম্পাদক শেখ মো. আবদুল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, বঙ্গবন্ধুর পাঁচ খুনির ফাঁসি কার্যকরের পর গতকাল প্রথমবারের মতো বঙ্গবন্ধুর সমাধি সৌধে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।