বঙ্গবন্ধুর সমাধি কমপ্লেক্সে সংঘর্ষের ঘটনায় বিক্ষোভ
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধি কমপ্লেক্সের ভেতরে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় গতকাল রোববার শহরে বিক্ষোভ হয়েছে। সরকারি বঙ্গবন্ধু কলেজ শাখা ছাত্রলীগ এ বিক্ষোভ করে। এ সময় টুঙ্গিপাড়ার বাসিন্দা মনে করে সদর উপজেলার দ্বীন ইসলাম নামের এক ছাত্রকে মারধরও করা হয়। প্রত্যক্ষদর্শীদের বিবরণ অনুযায়ী, সরকারি বঙ্গবন্ধু কলেজ শাখা ছাত্রলীগের কর্মীরা বেলা ১১টার দিকে কলেজের সামনের সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেয়। ছাত্রলীগের কর্মীরা কলেজ চত্বরে ফিরে যান। সেখানে টুঙ্গিপাড়ার বাসিন্দা ভেবে দ্বীন ইসলামকে মারধর করা হয়। তাঁর বাড়ি সদর উপজেলার তুতবাটি গ্রামে। এ ছাড়া কলেজের শহীদ মাহাবুব ও প্রফেসর সন্তোষ ছাত্রাবাসের কয়েকটি কক্ষও ভাঙচুর করা হয়। অতিরিক্ত পুলিশ সুপার সরদার রোকনুজ্জামান বলেন, ছাত্রলীগের কর্মীরা কলেজের সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকলে পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করে। ছাত্রলীগের নবগঠিত কেন্দ্রীয় কমিটির নেতারা গত শনিবার দুপুরে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন। কেন্দ্রীয় কমিটির পর জেলা না উপজেলা ছাত্রলীগ শ্রদ্ধা জানাবে—তা নিয়ে সংগঠনের গোপালগঞ্জ ও টুঙ্গিপাড়ার নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। এতে অন্তত ২০ জন আহত হয়।