বঙ্গবন্ধুর সমাধিতে ঢাকার দুই মেয়রের শ্রদ্ধা নিবেদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার দুই সিটি করপোরেশনের নবনির্বাচিত দুই মেয়র গতকাল শুক্রবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কবর জিয়ারত ও সমাধিতে পুষ্পমাল্য অর্পণ করেছেন।
এ সময় সাবেক খাদ্যমন্ত্রী আব্দুর রাজ্জাক, গোপালগঞ্জের জেলা প্রশাসক মো. খলিলুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাহাবুব আলী খান, টুঙ্গিপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান গাজী গোলাম মোস্তফা, সাবেক চেয়ারম্যান সোলায়মান বিশ্বাস, টুঙ্গিপাড়ার মেয়র মো. ইলিয়াস হোসেনসহ দলের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। বিকেলে বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদনের পর ঢাকা উত্তর সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র আনিসুল হক সাংবাদিকদের বলেন, ‘ঢাকাকে আলোকিত করার কাজ করছি। মশা একটি নগরবাসীর বড় অসুবিধা। সেদিকে আমরা কাজ করছি।’
দক্ষিণের মেয়র সাঈদ খোকন বলেন, টেন্ডারবাজি ঠেকাতে সব প্রক্রিয়া অনলাইনে করা হবে। তিনি বলেন, ‘দুর্নীতির বিরুদ্ধে সব সময় জিরো টলারেন্স থাকব। পাশাপাশি ঢাকাকে আধুনিক রাজধানী হিসেবে গড়ে তোলার সর্বাত্মক চেষ্টা থাকবে। এক সপ্তাহের মধ্যে যানজট নিরসনের জন্য কাজ শুরু করা হবে।’
বঙ্গবন্ধুর সমাধিতে দুই মেয়রের শ্রদ্ধা নিবেদনের পর নবনির্বাচিত কাউন্সিলররা শ্রদ্ধা জানান।