বঙ্গবন্ধুর সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় শোক দিবসে গতকাল টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফাতেহা পাঠ শেষে মোনাজাত করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর বোন শেখ রেহানা l বাসস
জাতীয় শোক দিবসে গতকাল টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফাতেহা পাঠ শেষে মোনাজাত করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর বোন শেখ রেহানা l বাসস

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবসে গতকাল শনিবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় তাঁর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সকালে রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করার পর হেলিকপ্টারে করে প্রধানমন্ত্রী টুঙ্গিপাড়ার উদ্দেশে রওনা হন। সকাল ১০টা ১০ মিনিটের দিকে তিনি টুঙ্গিপাড়ায় পৌঁছান। এরপর বঙ্গবন্ধুর সমাধিসৌধে প্রথমে সরকারপ্রধান হিসেবে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে তিনি ফাতেহা পাঠ এবং বঙ্গবন্ধুসহ ১৫ আগস্টে নিহত ব্যক্তিদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও বিশেষ মোনাজাত করেন। পরে সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল সামরিক অভিবাদন জানায়। এ সময় বিউগলে বেজে ওঠে করুণ সুর। বেদিমূলে কিছুক্ষণ প্রধানমন্ত্রী নীরবে দাঁড়িয়ে থাকেন। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অশ্রুসিক্ত হয়ে পড়েন। এরপর বিশেষ মোনাজাত হয়। তখন প্রধানমন্ত্রী তাঁর ছোট বোন শেখ রেহানাকে পাশে ডেকে নেন।
পরে শেখ হাসিনা আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের নিয়ে দলের সভানেত্রী হিসেবে আবার বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দেন। এরপর একে একে স্পিকার শিরীন শারমিন চৌধুরী ও আওয়ামী লীগের সহযোগী সংগঠনের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া, জাতীয় সংসদের প্রধান হুইপ আ স ম ফিরোজ, স্থানীয় সরকারমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন, নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, বস্ত্র¨ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম, ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম প্রমুখ।
এ ছাড়া সেনাবাহিনীর প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ সফিউল হক, নৌবাহিনীর প্রধান ভাইস অ্যাডমিরাল ফরিদ হাবিব, বিমানবাহিনীর প্রধান এয়ার মার্শাল আবু এসরার, পুলিশের আইজি এ কে এম শহীদুল হক, র্যা বের ডিজি বেনজীর আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।
পরে বেলা পৌনে ১১টার দিকে সমাধি কমপ্লেক্স চত্বরে অবস্থিত বঙ্গবন্ধুর সমাধিসৌধ জামে মসজিদে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। বঙ্গবন্ধু ভবনে অবস্থান করে এ মিলাদে শরিক হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে তিনি হেলিকপ্টারে করে ঢাকার উদ্দেশে রওনা দেন।
২০ আগস্ট বড়দহ সেতু উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী: বাসস জানায়, শেখ হাসিনা ২০ আগস্ট ভিডিও কনফারেন্সের মাধ্যমে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় গাইবান্ধা-নকাইহাট-গোবিন্দগঞ্জ সড়কে করতোয়া নদীর ওপর বড়দহ সেতু উদ্বোধন করবেন বলে আশা করা হচ্ছে। গাইবান্ধার জেলা প্রশাসক আবদুস সালাম গতকাল এ কথা জানান।