বঙ্গবন্ধুর সমাধিতে রাষ্ট্রপতির শ্রদ্ধা

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। সোমবার বেলা ১টা ৫৫ মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি। এ সময় তিন বাহিনীর একটি চৌকস দল রাষ্ট্রপতিকে গার্ড অব অনার প্রদান করে।
শ্রদ্ধা নিবেদনের পর ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। পরে সেখানে রক্ষিত মন্তব্য বইতে স্বাক্ষর করেন তিনি।
এর আগে হেলিকপ্টারে করে টুঙ্গিপাড়া হেলিপ্যাডে অবতরণ করেন রাষ্ট্রপতি। এ সময় রাষ্ট্রপতির সঙ্গে ছিলেন তিন বাহিনীর প্রধানেরা, সাংসদ শেখ হেলাল উদ্দিন, কেন্দ্রীয় আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক শেখ মো. আবদুল্লাহ, জেলা প্রশাসক, পুলিশ সুপার ও আওয়ামী লীগের স্থানীয় নেতা-কর্মী।
শ্রদ্ধা নিবেদন শেষে রাষ্ট্রপতি সড়কপথে বঙ্গবন্ধুর সমাধিসৌধ কমপ্লেক্স-সংলগ্ন প্রধানমন্ত্রীর বাড়িতে যান। সেখানে মধ্যাহ্নভোজ ও বিশ্রাম শেষে বেলা ২টা ৩৫ মিনিটে রাষ্ট্রপতি টুঙ্গিপাড়া থেকে হেলিকপ্টারে ঢাকার উদ্দেশে রওনা দেন।
দ্বিতীয় মেয়াদে রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর গত ২৬ এপ্রিল একই কর্মসূচিতে যোগ দিতে রাষ্ট্রপতির টুঙ্গিপাড়া আসার কথা থাকলেও অনিবার্য কারণবশত সেদিন ওই কর্মসূচি স্থগিত করা হয়। এরপর আজ সোমবার টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি।