বঙ্গবন্ধুর সমাধিসৌধে নতুন ৫ মন্ত্রী-প্রতিমন্ত্রীর শ্রদ্ধা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান নবনিযুক্ত পাঁচ মন্ত্রী ও প্রতিমন্ত্রী। ছবিটি আজ তোলা। ছবি: প্রথম আলো
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান নবনিযুক্ত পাঁচ মন্ত্রী ও প্রতিমন্ত্রী। ছবিটি আজ তোলা। ছবি: প্রথম আলো

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন নতুন পাঁচ মন্ত্রী ও প্রতিমন্ত্রী। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী নুরুল ইসলাম বিএসসি, বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ইয়াফেস ওসমান, ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম ও খাদ্য প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদ আজ মঙ্গলবার দুপুরে টুঙ্গিপাড়ায় যান। শ্রদ্ধা নিবেদন শেষে তাঁরা সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নে জবাব দেন।
খালেদা জিয়া শুধু হুমকিধমকি দেন
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, ‘বিএনপি নেত্রী খালেদা জিয়া শুধু হুমকিধমকি আর লম্ফ-ঝম্প দেন। তাঁর আন্দোলনে মানুষের ভূমিকা থাকে না। জনগণ তাঁর আস্ফালন পছন্দ করেন না। জনগণই তাঁকে প্রতিহত করবেন।’
মন্ত্রী আরও বলেন, বঙ্গবন্ধুর সাজাপ্রাপ্ত খুনিদের দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া অব্যাহত রয়েছে।
মানব পাচারকারীরা প্রতারক
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী নুরুল ইসলাম বিএসসি সমুদ্রপথে মানব পাচারকারীদের পাচারকারী না বলে প্রতারক বলে উল্লেখ করেন। তিনি বলেন, এসব প্রতারকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এর পাশাপাশি জীবনের ঝুঁকি নিয়ে কেউ যেন এ পথে পা না বাড়ায় সে বিষয়ে সচেতনতা বিষয়ক প্রচার চালানো হবে বলেও তিনি জানান।
৯০ দিনে দেশবাসী পরিবর্তন দেখতে পাবেন
ডাক ও টেলি যোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম বলেন, ‘ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের দুর্নীতি এবং অবৈধ ভিওআইপি ব্যবসা বন্ধ করা হবে। ৯০ দিনের একটি মহাপরিকল্পনা নেওয়া হয়েছে। আশা করি এরই মধ্যেই দেশবাসী পরিবর্তন দেখতে পারবেন।’
এ সময় মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের সঙ্গে পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি এসএম মাহফুজুল হক নুরুজ্জামান, গোপালগঞ্জ জেলা পরিষদের প্রশাসক চৌধুরী এমদাদুল হক, জেলা প্রশাসক মো. খলিলুর রহমান ও পুলিশ সুপার এসএস এমরান হোসেন ছাড়াও দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।