বঙ্গবন্ধুর সমাধিসৌধের পাশে পর্যটনকেন্দ্র ও জাদুঘর হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তুরস্কের কামাল আতাতুর্ক অথবা ভারতের মহাত্মা গান্ধীর সমাধিসৌধের আদলে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ কমপ্লেক্স গড়ে তোলার পরিকল্পনা করছে সরকার। বঙ্গবন্ধু সমাধিসৌধের পাশেই আন্তর্জাতিক মানের পর্যটনকেন্দ্র এবং ‘নৌকা জাদুঘর’ নির্মাণ করা হবে। বর্তমানে ৩৪ একর জমির ওপর বঙ্গবন্ধুর সমাধিসৌধ রয়েছে। পরিকল্পনা অনুযায়ী ১৫১ একর জমির ওপর নির্মাণ করা হবে পুরো সমাধিসৌধ ও পর্যটনকেন্দ্র। বঙ্গবন্ধুর কীর্তি সারা বিশ্বে ছড়িয়ে দিতে গণপূর্ত ও গৃহায়ণ মন্ত্রণালয় এ উদ্যোগ নিয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।জানতে চাইলে গণপূর্ত প্রতিমন্ত্রী আবদুল মান্নান খান প্রথম আলোকে জানান, বঙ্গবন্ধুর জীবন, দর্শন, কীর্তিকে চিরস্থায়ী রূপ দিতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতিমন্ত্রী জানান, সমাধিসৌধ ও কমপ্লেক্সের অবকাঠামো নির্মাণের পরিকল্পনার খসড়া চূড়ান্ত করে জরুরি ভিত্তিতে মন্ত্রণালয়ে পাঠানোর জন্য স্থাপত্য অধিদপ্তরকে নির্দেশ দেওয়া হয়েছে।গণপূর্ত মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, শিগগির গণপূর্ত প্রতিমন্ত্রীর নেতৃত্বে একটি প্রতিনিধিদল টুঙ্গিপাড়া যাবে। তারা সেখানকার স্থানীয় প্রতিনিধি, পরিকল্পনা প্রণয়নের কাজের প্রধান স্থপতি, বিমান ও পর্যটন মন্ত্রণালয়, প্রত্নতত্ত্ব অধিদপ্তর, জাতীয় জাদুঘর ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধির মতামত নিয়ে এ পরিকল্পনা চূড়ান্ত করা হবে। ইতিমধ্যে প্রধানমন্ত্রী এ বিষয়ে মৌখিক অনুমোদন দিয়েছেন। পরিকল্পনা চূড়ান্ত হওয়ার পর তা প্রধানমন্ত্রীর অনুমোদনের জন্য পাঠানো হবে।গতকাল গণপূর্ত মন্ত্রণালয়ে অনুষ্ঠিত বৈঠকে শিগগরিই টুঙ্গিপাড়ায় গিয়ে সমাধিসৌধ পরিদর্শনের সিদ্ধান্ত নেওয়া হয়।সমাধিসৌধ: পরিকল্পনা অনুযায়ী, সমাধিসৌধস্থলে বঙ্গবন্ধুর জীবন, দর্শন, কীর্তি তুলে ধরতে আধুনিক প্রযুক্তিসমৃদ্ধ আর্কাইভ স্থাপন করা হবে। বিভিন্ন পর্যায়ের শিক্ষার্থীদের জন্য প্রদর্শনী, গাইডেড ট্যুরের ব্যবস্থাসহ ডরমেটরি হাউস ও গবেষণাকেন্দ্র নির্মাণ করা হবে। এ ছাড়া নির্মাণ করা হবে একটি নৌকা জাদুঘর ।ইতিমধ্যে সমাধিসৌধে আগত দর্শনার্থী ও ভিআইপিদের জন্য বিভিন্ন অবকাঠামো ও সুযোগ-সুবিধা সৃষ্টির জন্য পাঁচ কোটি ৭৭ লাখ ২৫ হাজার টাকার একটি প্রকল্প নেওয়া হয়েছে। এ ছাড়া যাত্রীছাউনি, সার্কিট হাউস স্থাপনের কথাও পরিকল্পনায় উল্লেখ করা হয়েছে। পর্যটনকেন্দ্র: পরিকল্পনায় সংশ্লিষ্ট এলাকার প্রাকৃতিক গ্রামীণ পরিবেশ অক্ষুণ্ন রেখে পর্যটনকেন্দ্র করার প্রস্তাব করা হয়েছে। প্রকল্পের দক্ষিণ দিক থেকে পূর্ব-পশ্চিম অভিমুখী খালের সঙ্গে প্রকল্প এলাকা উত্তর দিক দিয়ে আরও একটি সংযোগ খাল খননের মাধ্যমে বাঘিয়ার নদীর সঙ্গে সংযুক্ত করা হবে। খালের উভয় পাশে পায়ে চলার ব্যবস্থা রাখা হবে। পরিকল্পনা অনুযায়ী দেশের যেকোনো স্থান থেকে পর্যটকদের টুঙ্গিপাড়ায় যাতায়াতের জন্য বহুমুখী পরিবহনব্যবস্থা থাকবে। পর্যটন এলাকায় বাগান, জলাশয়, বনায়ন, অভ্যন্তরীণ রাস্তা, গ্রামীণ জাদুঘর, ইকোপার্ক থাকবে। সমাধিসৌধ এলাকাকে কেন্দ্র করে, পৌরসভা এলাকার খাল ও বাঘিয়ার নদী মিলে নৌ ভ্রমণের ব্যবস্থা করা হবে।