বঙ্গবন্ধুর সহযোগী নূরুল ইসলামের দোয়ায় প্রধানমন্ত্রী
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহযোগী মরহুম নূরুল ইসলামের আত্মার মাগফিরাত কামনায় অনুষ্ঠিত এক দোয়া মাহফিলে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল শুক্রবার বাদ মাগরিব রাজধানীর ধানমন্ডির বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে এ দোয়া অনুষ্ঠিত হয়। খবর বাসসের।
বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের নির্বাহী সদস্য নূরুল ইসলাম (৮২) ২২ জানুয়ারি ইন্তেকাল করেন। দোয়া মাহফিলে প্রধানমন্ত্রী ছাড়াও সাংসদ শেখ ফজলে নূর তাপস, শেখ হেলাল উদ্দিন, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী আবদুস সোবহান প্রমুখ অংশ নেন।
১৯৫০–এর দশকে বঙ্গবন্ধু যখন বিমা কোম্পানিতে কাজ করতেন, তখন নূরুল ইসলাম তাঁর সহকর্মী ছিলেন। এরপর ঐতিহাসিক ছয় দফা আন্দোলনের সময় নূরুল ইসলাম আওয়ামী লীগের ব্যানার–ফেস্টুন লেখাসহ অন্য কাজও করতেন। ছয় দফা দাবি–সংবলিত গ্রন্থের প্রচ্ছদ ও যে মঞ্চ থেকে ছয় দফা দাবি ঘোষণা করা হয়, সেই মঞ্চের নকশাও তিনি করেন।