সংবিধান সংশোধন কমিটির কো-চেয়ারম্যান সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, স্বাধীনতার ঘোষক হিসেবে বঙ্গবন্ধুকে সাংবিধানিক স্বীকৃতি দেওয়া হলে তা আর মুছে ফেলার সুযোগ রাখা হবে না। সংবিধানের এ-সংক্রান্ত বিধান অলঙ্ঘনীয় করা হবে।গতকাল সোমবার জাতীয় সংসদের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। এর আগে ২৬ মার্চ সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদনের পর বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ বলেছিলেন, বঙ্গবন্ধুকে স্বাধীনতার ঘোষক করা হলে বিএনপি ক্ষমতায় গিয়ে তা পরিবর্তন করবে।ব্রিফিংয়ে সুরঞ্জিত বলেন, ‘এর আগেও মওদুদ সাহেবরা আইন করে বঙ্গবন্ধুর ছবি নামিয়ে দিয়েছিলেন। কিন্তু এবার তাঁরা আর সেই সুযোগ পাবেন না। কারণ বঙ্গবন্ধুকে জাতির পিতা ঘোষণা করে সংবিধানের “প্রজাতন্ত্র” অধ্যায়ে রাখা হবে এবং এটাকে “অলঙ্ঘনীয়” ও “অপরিবর্তনীয়” রাখা হবে। ভবিষ্যতে বিএনপি ক্ষমতায় গেলেও এ-সংক্রান্ত বিধান পরিবর্তনের সুযোগ পাবে না।’সুরঞ্জিত আরও বলেন, জাতীয়, ঐতিহাসিক ও রাজনৈতিকভাবে মীমাংসিত বিষয়গুলো নিয়ে বিতর্ক সৃষ্টির কোনো অবকাশ নেই। ১৯৭১ সালে যে অস্থায়ী সংবিধানের ভিত্তিতে মুজিবনগর সরকার গঠিত হয়েছিল, যার ভিত্তিতে জাতি মুক্তিযুদ্ধ করেছে, সেখানে বলা হয়েছে ২৬ মার্চই স্বাধীনতা ঘোষণা হয়েছে। মূলত ২৬ মার্চে বঙ্গবন্ধুর দেওয়া টেলিগ্রামই স্বাধীনতার ঘোষণা।