চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ স্পষ্টত তিন ধারায় বিভক্ত হয়ে পড়েছে। গতকাল রোববার বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস দুটি পক্ষ আলাদাভাবে পালন করেছে। আরেক পক্ষ এই দিবসে কোনো কর্মসূচি দেয়নি এবং কোনো পক্ষের অনুষ্ঠানেও তারা যায়নি।জানা যায়, নগর আওয়ামী লীগের একটি ধারা চট্টগ্রামের মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরীর পক্ষে, অন্যটি তাঁর বিপক্ষে। আরেকটি ক্ষুদ্র গ্রুপ নিয়ে আছেন বন্দর-পতেঙ্গা আসনের আওয়ামী লীগের সাংসদ এম আবদুল লতিফ। দলীয় সূত্রমতে, বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে মেয়রের সমর্থকেরা গতকাল নগরের ১১টি থানার মধ্যে ১০টিতে সভা-সমাবেশ করেন। বন্দর, হালিশহর, পাঁচলাইশ, ডবলমুরিং ও কোতোয়ালি—এই পাঁচ থানার সমাবেশে মেয়র উপস্থিত থেকে বক্তব্য দেন। জানা যায়, মেয়রের সমর্থকদের কোতোয়ালি থানার সমাবেশ হয় জেলা পরিষদ চত্বরে। এ সমাবেশস্থলের আধা কিলোমিটার দূরে সিটি করপোরেশনের সামনে আন্দরকিল্লা চত্বরে অনুষ্ঠিত হয় মেয়রের বিপক্ষ গ্রুপের সমাবেশ। মাহতাব উদ্দীন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে সাংসদ নুরুল ইসলাম, আ জ ম নাছির উদ্দীনসহ অন্যরা বক্তব্য দেন।বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসের আলাদা কর্মসূচি পালন প্রসঙ্গে সাংসদ নুরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘মেয়র আমাদের ডাকেননি, কী কর্মসূচি নিচ্ছেন, তাও বলেননি। এ কারণে আমরা আলাদাভাবে কর্মসূচি পালন করেছি।’মেয়রের ঘনিষ্ঠ বলে পরিচিত কাজী এনামুল হক বলেন, মেয়র মহিউদ্দিন চৌধুরীর নেতৃত্বেই চট্টগ্রামে আওয়ামী লীগের মূলধারা পরিচালিত হচ্ছে। তিনি যা করছেন, সেটাই দলের মূলধারার কর্মসূচি। কাজেই আলাদাভাবে কোনো কর্মসূচি পালিত হচ্ছে না। মেয়রপক্ষের বলে পরিচিত নগর আওয়ামী লীগের প্রচার সম্পাদক শফিকুল ইসলাম বলেন, সংগঠনের নেতা-কর্মীরা যত বেশি সমাবেশ-কর্মসূচি পালন করবেন, দল তত লাভবান হবে। কারণ, তাঁরাও তো দলের নেতা-কর্মী।এদিকে সাংসদ লতিফের সমর্থকেরা বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে কোনো কর্মসূচি নেননি। বিগত জাতীয় সংসদ নির্বাচনে এম এ লতিফ আওয়ামী লীগের টিকিটে নির্বাচনে জয়ী হলেও মেয়রের পক্ষে বা বিপক্ষে না গিয়ে নিজের মতো করে তাঁর নির্বাচনী এলাকায় তত্পরতা চালাচ্ছেন। এ জন্য তিনি ‘বাংলাদেশ আওয়ামী লীগ চট্টগ্রাম-১০ সংসদীয় কমিটি কার্যালয়’ নামে আলাদা কার্যালয়ও করেছেন।সাংসদ লতিফ বলেন, ‘আমি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে কোনো কর্মসূচি দিইনি। আমি রাজনৈতিক কোনো কর্মসূচিও দিই না। কেবল সমুদ্রসৈকত এলাকায় কিছু কিছু উত্সব করে দলের লোকজনকে চাঙা রাখার চেষ্টা করছি।’