বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদ্যাপন
নওগাঁ ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে গতকাল রোববার শোভাযাত্রা ও সমাবেশের আয়োজন করা হয়।
দিবসটি উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবন থেকে গতকাল বেলা ১১টায় শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে গিয়ে শেষ হয়। সেখানে উপাচার্য মুহম্মদ মিজানউদ্দিনসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দেন। এরপর তাঁরা এক মিনিট নীরবতা পালন করে মোনাজাত করেন।
দুপুর ১২টার দিকে কেন্দ্রীয় গ্রন্থাগারের পেছন থেকে আনন্দ মিছিল বের করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। এ ছাড়া রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রগতিশীল শিক্ষক সমাজ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল কর্তৃপক্ষ, রাজশাহী বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু পরিষদ এবং আওয়ামী কর্মকর্তা-কর্মচারী পরিষদ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দেয়।
নওগাঁয় দিবসটি পালন উপলক্ষে গতকাল জেলা আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠন নানা কর্মসূচি পালন করেছে। সকালে নেতা-কর্মীদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দেন জেলা সভাপতি আবদুল মালেক ও সাধারণ সম্পাদক সাধনচন্দ্র মজুমদার।