বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত
ময়মনসিংহ ও নেত্রকোনায় গতকাল রোববার যথাযথ মর্যাদায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন করা হয়।
ময়মনসিংহে স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে গতকাল বিকেলে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ময়মনসিংহ পৌরসভার উদ্যোগে শহরের সৈয়দ নজরুল ইসলাম চত্বর-সংলগ্ন টাউন হল মিলনায়তনে এ প্রতিযোগিতা হয়।
নেত্রকোনায় গতকাল জাতীয় পতাকা উত্তোলন করে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এরপর মিলাদ অনুষ্ঠিত হয়। শহরের ছোট বাজার এলাকায় দলীয় কার্যালয়ে গতকাল রোববার সকাল সাড়ে নয়টার দিকে জেলা আওয়ামী লীগ এসব কর্মসূচির আয়োজন করে।
সদর উপজেলার সিংহের বাংলা ইউনিয়ন পরিষদের আয়োজনে সকাল সাড়ে ১০টার দিকে হরিখালী বাজারে আলোচনা সভা, দোয়া মাহফিল করা হয়েছে। ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আবদুর রহিমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক তরুণ কান্তি শিকদার। আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার জয়দেব চৌধুরী, জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও মুক্তিযোদ্ধা মো. শামছুজ্জোহা, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল আমিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তারী কাদেরী প্রমুখ।