বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল দুঃখী মানুষের মুখে হাসি ফোটানো: প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে গতকাল বঙ্গবন্ধুর ৯৭তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দেন প্রধানমন্ত্রী l বাসস
বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে গতকাল বঙ্গবন্ধুর ৯৭তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দেন প্রধানমন্ত্রী l বাসস

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘বঙ্গবন্ধু সততার সঙ্গে জীবন যাপনের লক্ষ্য ঠিক করে তারপর তা অর্জনে বহু ত্যাগ স্বীকার করেছেন। সেই ত্যাগের বিনিময়েই আমরা পেয়েছি স্বাধীন বাংলাদেশ। তাঁর স্বপ্ন ছিল দুঃখী মানুষের মুখে হাসি ফোটানো। কিন্তু স্বাধীনতাবিরোধীদের ষড়যন্ত্রে তিনি নিহত হওয়ায় তা সম্ভব হয়নি। তাঁর এ স্বপ্ন বাস্তবায়নের দায়িত্ব এখন আমাদের ওপর।’
রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে গতকাল শুক্রবার বিকেলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৭তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় এ কথা বলেন প্রধানমন্ত্রী।
ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত দেশ গড়তে দলীয় নেতা-কর্মীদের সততা ও সৎসাহস নিয়ে এগিয়ে যাওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, সততাই তাঁর সরকারের চালিকাশক্তি।
বাংলাদেশ নিয়ে আন্তর্জাতিক ষড়যন্ত্র সরকার সততা দিয়ে জয় করেছে উল্লেখ করে আওয়ামী লীগের সভানেত্রী বলেন, ‘নিজেদের অর্থায়নে পদ্মা সেতু করা হচ্ছে। এ প্রকল্পের অর্থায়ন নিয়ে আমাদের অপবাদ দেওয়ার চেষ্টা হলেও আমরা সততার সঙ্গে তা মোকাবিলা করেছি।’
বাংলাদেশকে সুখী ও সমৃদ্ধিশালী দেশ হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়েই সরকার এগিয়ে যাচ্ছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘সেখানে সন্ত্রাস ও জঙ্গিবাদের কোনো স্থান হবে না। আমরা শক্ত হাতে সন্ত্রাস দমন করেছি।’
শেখ হাসিনা বলেন, ‘বঙ্গবন্ধু দেশের মানুষকে মুক্তি দিয়েছেন। দেশকে বিশ্ব দরবারে প্রতিষ্ঠিত করেছেন। স্বাধীনতার পর মাত্র সাড়ে তিন বছরের মধ্যে এত কাজ কী করে একজন মানুষ করতে পারেন—সেটি আজকের বড় বিস্ময়। হয়তো বঙ্গবন্ধু বলেই তা করতে পেরেছিলেন।’
আলোচনা সভায় বঙ্গবন্ধুর কৈশোর জীবনের কিছু স্মৃতিও তুলে ধরেন প্রধানমন্ত্রী। দেশের উন্নয়নে কোনো প্রকার প্রতিবন্ধকতা সৃষ্টি থেকে বিরত থাকার জন্য সবাইকে সতর্ক করে তিনি বলেন, ‘আমাদের উন্নয়নকাজে দয়া করে কেউ বাধা দেবেন না। জাতির পিতার আদর্শকে বুকে নিয়েই এ দেশকে গড়ে তুলতে হবে।’
জাতীয় সংসদের উপনেতা সাজেদা চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, প্রেসিডিয়াম সদস্য সতীষ চন্দ্র রায়, সাংসদ সাহারা খাতুন, ১৪ দলের পক্ষে সাম্যবাদী দলের নেতা দিলীপ বড়ুয়া, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, সাংসদ জাহাঙ্গীর কবির নানক, শ্রমবিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী মোফাজ্জ্বল হোসেন চৌধুরী মায়া ও খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম।
আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাছান মাহমুদ ও সহ-দপ্তর সম্পাদক অসীম কুমার উকিল এ সভা পরিচালনা করেন।