বঙ্গবন্ধুর স্বপ্ন সত্যি হচ্ছে বাংলাদেশে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন সত্যি হচ্ছে বাংলাদেশে। তাঁর মৃত্যুর চার দশক পর বাংলাদেশ আজ অদম্য। গতকাল শনিবার নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে এক আলোচনা সভার নির্যাস এটাই। ১৫ আগস্ট বঙ্গবন্ধুর ৪০তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে এই আলোচনা সভার আয়োজন করা হয়।
দক্ষিণ এশিয়া এবং অন্যত্র শান্তি ও প্রগতির জন্য বঙ্গবন্ধুর দৃষ্টিভঙ্গি কী—সেটাই ছিল আলোচনার বিষয়। কিন্তু বিষয়কে ছাপিয়ে ওঠে ৪০ বছর আগের এই দিনে সপরিবারে বঙ্গবন্ধুকে হত্যা, দেশের জন্য তাঁর আত্মত্যাগ, যুদ্ধবিধ্বস্ত দরিদ্র এক দেশের উত্তরণে তাঁর প্রেরণার কাহিনি। মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার অব্যবহিত পর দেশ ও জাতির চ্যালেঞ্জগুলোর মোকাবিলা শেখ মুজিবুর রহমান কোন দক্ষতায় করেছেন সেই ব্যাখ্যা। মুক্তিযুদ্ধকে কাছ থেকে দেখা বিবিসির সাংবাদিক স্যার মার্ক টালির ধারণায়, বঙ্গবন্ধুর উদারতা ও ক্ষমাশীল মন বিপদ ডেকে এনেছিল। তাঁর মতে, বঙ্গবন্ধু জাতির জনক হলেও স্বাধীন দেশে প্রশাসনিক দক্ষতার শীর্ষে উঠতে পারেননি। ভারতের সঙ্গে শান্তি ও মৈত্রী চুক্তিটা না হলেই হয়তো ভালো হতো বলে তাঁর ধারণা। তবু তিনি মনে করেন, বঙ্গবন্ধু বাংলাদেশের শুধু ত্রাতাই নন, তিনি এই উপমহাদেশের এক বিরল নেতা।
ভারতের সাবেক কূটনীতিক অরুন্ধতী ঘোষ জুনিয়র অফিসার হিসেবে কলকাতা থেকে মুক্তিযুদ্ধের প্রতিটি বাঁক নিরীক্ষণ করেছিলেন। স্বাধীনতার পরে তিনি ঢাকা হাইকমিশনে নিযুক্তি পান। ৪০ বছরে এই দেশটার অগ্রগতি তাঁকে চমকে দিয়েছে। তাঁর কথায়, সামাজিক সূচকগুলোই প্রমাণ দেয় বাংলাদেশ আজ এই উপমহাদেশের এক গুরুত্বপূর্ণ শক্তি হিসেবে মাথা তুলেছে। মার্ক টালির সঙ্গে ভিন্নমত পোষণ করে তিনি বলেন, সেনা প্রত্যাহারের মধ্য দিয়ে ভারত এটাই প্রমাণ করেছিল যে তারা দখলদার নয়। বঙ্গবন্ধুকে তিনি ‘উজ্জীবিত বক্তা, স্বপ্নদ্রষ্টা ও এমন এক প্রাণের নেতা যাঁর ক্যারিশমা অনন্য’ বলে বর্ণনা করেন।
মেজর চন্দ্রকান্ত সিং মুক্তিযুদ্ধের শরিকই শুধু ছিলেন না, সমসাময়িক বহু ঘটনার সাক্ষীও তিনি ছিলেন। সেই অভিজ্ঞতার কথা শুনিয়ে তিনি বলেন, ব্রিটিশ সরকারের কমেট বিমানে বঙ্গবন্ধুকে ঢাকায় আনা হয়েছিল বিরাট এক ঝুঁকি নিয়ে। কারণ, ঢাকা বিমানবন্দরের রানওয়ে সেই সময় বোমায় বিধ্বস্ত। তিনি বলেন, ‘বিমানের চালককে জিজ্ঞেস করেছিলাম, ইংল্যান্ডের রানি বিমানের সওয়ারি থাকলে এই ঝুঁকি তিনি নিতেন কি না। বিমানচালক বলেছিলেন, না।’ তাঁর কথায়, ‘বঙ্গবন্ধু ছিলেন বাঙালি জাতীয়তাবোধ ও গর্বের প্রতীক।’
আলোচনা সভার উপসংহার টানেন হাইকমিশনার সৈয়দ মুয়াজ্জেম আলি। তিনি বলেন, মুক্তিযুদ্ধ নিয়ে অনেক ধরনের প্রচার ও অপপ্রচার হয়েছে। কিন্তু বঙ্গবন্ধু অপপ্রচারগুলো শুধু অসারই প্রতিপন্ন করেননি, প্রধান তিনটি চ্যালেঞ্জের মোকাবিলাও করেছেন দক্ষতার সঙ্গে। সেগুলো ছিল আন্তর্জাতিক স্বীকৃতি, দেশ পুনর্গঠন ও এক কোটির বেশি শরণার্থীর পুনর্বাসনের বন্দোবস্ত করা। শান্তিচুক্তি ভারত চাপিয়ে দেয়নি জানিয়ে তিনি বলেন, ‘একদা অভাবী বাংলাদেশ আজ চাল রপ্তানি করছে, বস্ত্র রপ্তানিতে বিশ্বে দ্বিতীয়, বিদেশি মুদ্রা দেশে পাঠানোর ক্ষেত্রে সপ্তম। এই দেশের সবচেয়ে বড় সম্পদ এই দেশের জনতা।’
মোয়াজ্জেম আলি বলেন, ‘ওয়েস্ট ইন্ডিজের ক্যাপ্টেন গেরি আলেকজান্ডার একবার পাকিস্তানের ক্রিকেট কর্তাদের জিজ্ঞেস করেছিলেন, এই দলে পূর্ব পাকিস্তানের কোনো খেলোয়াড় নেই কেন? পাকিস্তানি কর্তার জবাব ছিল, বাঙালিরা ক্রিকেট খেলতে পারে না। সেই বাঙালি আজ বলে বলে সবাইকে হারাচ্ছে। জীবনের সর্বক্ষেত্রে এই যে অদম্য মনোভাব, মুজিবুর রহমানই তার প্রেরণা। এই বাংলাদেশকে রোখা কারও পক্ষে সম্ভব নয়।’