বঙ্গবন্ধুর স্বপ্ন সফলে হাসিনার পাশে থাকবেন এরশাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এইচ এম এরশাদ
এইচ এম এরশাদ

বঙ্গবন্ধুর স্বপ্ন সফল করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে পদক্ষেপই নেবেন, তাতে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন সংসদে প্রধান বিরোধী দল জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান এইচ এম এরশাদ। জাতীয় সংসদে আজ বৃহস্পতিবার বিকেলে প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে এরশাদ এ কথা বলেন।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণের কথা উল্লেখ করে এরশাদ বলেন, ‘এক সিংহপুরুষ ঘোষণা দিয়েছিলেন, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। তিনি স্বাধীনতা এনে দিয়েছেন। কিন্তু মুক্তি দিতে পারেন নাই। বেঁচে থাকলে হয়তো তিনি মুক্তি দিতে পারতেন। কিন্তু এই দায়িত্ব নিতে হবে তাঁর সন্তানকে।’

প্রধানমন্ত্রীর উদ্দেশে এরশাদ বলেন, ‘সরকারি অফিসে দুটি ছবি টাঙানো হয়। একটি বঙ্গবন্ধুর, আরেকটি প্রধানমন্ত্রীর। বঙ্গবন্ধুর ছবি না থাকলেও তাঁকে আমরা স্মরণ করব। কিন্তু প্রধানমন্ত্রীর ছবি না থাকলে স্মরণ করব কি না, ভেবে দেখতে হবে।’ তিনি আরও বলেন, ‘চাঁদাবাজি, টেন্ডারবাজি, দুর্নীতি, দুঃশাসন, খুন, গুম অপহরণ, সংঘাতের রাজনীতি থেকে মুক্তি চাই। আপনি এর থেকে মুক্তি দিন, বাজেট সফল হবে। না হলে হবে না।’ সঙ্গে যোগ করেন, ‘দোয়া করি প্রধানমন্ত্রী। আপনার পিতার স্বপ্ন সফলের জন্য যে পদক্ষেপ নেবেন, আমরা সর্বাত্মক সহযোগিতা করব।’

শেয়ারবাজার ও ব্যাংক লুটের ঘটনার উল্লেখ করে এরশাদ বলেন, ‘যারা লুটপাট করল, তাদের কী করেছেন? আইন সবার জন্য সমান নয়। গরিবের জন্য এক রকম, ধনীর জন্য আরেক রকম।’ তিনি প্রশ্ন তোলেন, ‘শেয়ারবাজার ও ব্যাংক লুটপাটকারীরা আমাদের আশপাশে আছেন। তাঁদের হাত কি আইন-প্রশাসনের চেয়েও লম্বা?’

দেশে গডফাদার সংস্কৃতি গড়ে উঠছে—অভিযোগ করে এরশাদ বলেন, ‘গডফাদার ছিল আমেরিকা, ইতালিতে। গডফাদার মানে অস্ত্রের ভান্ডার, মাদকের সাম্রাজ্য। আমরা এই মাফিয়া গডফাদার চাই না।’ তিনি বলেন, ‘এক মন্ত্রীর ২০ একর জমি ছিল। গত পাঁচ বছরে তিন হাজার একর জমির মালিক হয়েছেন। এটাকে দুর্নীতি বলব কি না, জানি না।’

এরশাদ বলেন, ফলে বিষ, গরুর দুধেও বিষ। মাছে তো আছেই। রোজা আসছে, মুড়িতে ইউরিয়া। সমস্ত দেশ বিষাক্ত হয়ে গেছে। এর কোনো প্রতিকার নেই। সঙ্গে যোগ করেন, ‘অনেক কথার পর ঢাকার প্রবেশমুখে চেক পোস্ট বসিয়েছে সরকার, যাতে ঢাকার মানুষ ফরমালিনমুক্ত খাদ্যপণ্য পায়। কিন্তু ঢাকার বাইরের মানুষকে মানুষ মনে করেননি আপনারা।’