
যথাযোগ্য মর্যাদায় একাত্তরের শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদনসহ নানা আয়োজনে গতকাল শনিবার মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্যাপন করা হয়েছে। এ উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ে তোলার জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয়, প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর:
শেরপুর: প্রথম প্রহরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুরু হয়। পরে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন সরকারদলীয় হুইপ মো. আতিউর রহমান, জেলা প্রশাসক এ এম পারভেজ রহিম, পুলিশ সুপার মো. মেহেদুল করিম, পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চন্দন কুমার পাল, মুক্তিযোদ্ধা সংসদের জেলা ইউনিট কমান্ডার আ স ম নুরুল ইসলাম প্রমুখ। সকাল আটটায় শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে জাতীয় পতাকা উত্তোলন শেষে কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শনী অনুষ্ঠিত হয়। বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসনের আয়োজনে শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা হয়। প্রধান অতিথির বক্তৃতায় হুইপ আতিউর রহমান বলেন, ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ে তোলার জন্য আমাদের সবাইকে একযোগে কাজ করতে হবে। আর এ জন্য আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে মুক্তিযুদ্ধের চেতনায় তারুণ্যের জাগরণ ও ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে আধুনিক বাংলাদেশ গড়ে তুলতে হবে। তবেই বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়িত হবে।’
কুমিল্লা: প্রথম প্রহরে কুমিল্লা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতারা। সন্ধ্যায় কুমিল্লা টাউন হলের মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম মুক্তমঞ্চে আলোচনা সভা হয়। এতে বক্তৃতা করেন কুমিল্লা-৬ (আদর্শ সদর) আসনের সাংসদ আ ক ম বাহাউদ্দিন, কুমিল্লা জেলা প্রশাসক মো. হাসানুজ্জামান কল্লোল, জেলা পুলিশ সুপার মো. শাহ আবিদ হোসেন, জেলা পরিষদের প্রশাসক মো. ওমর ফারুক, মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার সফিউল আহমেদ বাবুল প্রমুখ।
চাঁদপুর: প্রথম প্রহরে জেলা শহরের অঙ্গীকার পাদদেশে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসের অনুষ্ঠান শুরু হয়। পরে সেখানে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে পুষ্পস্তবক অর্পণ করে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, আওয়ামী লীগ, বিএনপি ও পেশাজীবী সংগঠন। সকাল আটটায় চাঁদপুর স্টেডিয়ামে জাতীয় পতাকা উত্তোলন করেন চাঁদপুরের জেলা প্রশাসক মো. আবদুস সবুর মণ্ডল ও পুলিশ সুপার শামসুন্নাহার। চাঁদপুর-৩ আসনের সাংসদ দীপু মনি পায়রা ওড়ানোর পর শারীরিক কসরত এবং কুচকাওয়াজ কর্মসূচি শুরু হয়।

ময়মনসিংহ: প্রথম প্রহরে ময়মনসিংহ শহরের পাটগুদাম ব্রিজ মোড়ে অবস্থিত স্মৃতিসৌধে ফুল দেন ধর্মমন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ মতিউর রহমান। পরে একে একে ফুল দিয়ে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন ময়মনসিংহ বিভাগের কমিশনার জি এম সালেহ উদ্দিন, ময়মনসিংহ রেঞ্জ পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন, জেলা প্রশাসক মুস্তাকীম বিল্লাহ ফারুকী, পুলিশ সুপার মঈনুল হক প্রমুখ। গতকাল সকাল সাড়ে আটটা থেকে বেলা ১২টা পর্যন্ত জেলা ক্রীড়া সংস্থার রফিক উদ্দিন ভুঁইয়া স্টেডিয়ামে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে শারীরিক কসরত প্রদর্শনী হয়।
সুনামগঞ্জ: পৌর শহরে শহীদদের স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় জেলা ও পুলিশ প্রশাসন, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, পৌরসভা, আওয়ামী লীগ, বিএনপি, সিপিবি, জাসদ, জেলা আইনজীবী সমিতি, সুনামগঞ্জ চেম্বার, টিআইবি, মহিলা পরিষদ, উদীচী শিল্পীগোষ্ঠীসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, ছাত্র ও শিক্ষাপ্রতিষ্ঠান। সকাল আটটায় স্টেডিয়ামে কুচকাওয়াজ ও শারীরিক কসরত প্রদর্শন করা হয়। বেলা ১১টায় শহরের শহীদ আবুল হোসেন মিলনায়তনে মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়।
মৌলভীবাজার: স্বাধীনতা দিবসের প্রথম প্রহর ও সকালে জেলা শহরের স্মৃতিস্তম্ভে বিভিন্ন সংগঠন পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে। এখানে পুষ্পস্তবক অর্পণ করেছেন মৌলভীবাজার-৩ আসনের সাংসদ সৈয়দা সায়রা মহসিন, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা পরিষদ, পৌরসভা, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, আওয়ামী লীগ, বিএনপি, সিপিবি, জাসদ, বাসদ, প্রেসক্লাব, শিল্পকলা একাডেমি, উদীচী শিল্পীগোষ্ঠী, ছাত্রলীগ, ছাত্রদল, ছাত্র ইউনিয়ন, যুব ইউনিয়ন, মহিলা পরিষদসহ বিভিন্ন রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠন।
সিলেট: প্রথম প্রহর থেকে শুরু করে গতকাল সারা দিন নানা রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী সংগঠনসহ বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেছেন। বিকেল চারটায় সম্মিলিত নাট্য পরিষদের ব্যবস্থাপনায় নগরের চৌহাট্টা এলাকার সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। এর আগে সকালে জেলা প্রশাসনের উদ্যোগে সিলেট জেলা স্টেডিয়ামে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কুচকাওয়াজে অংশ নেয় ও শারীরিক কসরত প্রদর্শন করে। সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সকাল সাড়ে আটটায় শোভাযাত্রা বের করা হয়।
নেত্রকোনা: জেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা পরিষদ, পৌরসভা, আওয়ামী লীগ, বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠন এবং উদীচী, স্বাবলম্বী, রেড ক্রিসেন্ট সোসাইটিসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও শিক্ষাপ্রতিষ্ঠান শহরের সাতপাই এলাকায় মুক্তিযোদ্ধাদের স্মৃতিফলক ও স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে। বেলা সাড়ে ১১টায় মোক্তারপাড়া এলাকায় পাবলিক হলে মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়।
টাঙ্গাইল: সকালে স্থানীয় শহীদ স্মৃতিস্তম্ভে জেলা প্রশাসক মো. মাহবুব হোসেন, পুলিশ সুপার সালেহ্ মোহাম্মদ তানভীর পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, পেশাজীবী সংগঠন সেখানে শ্রদ্ধা নিবেদন করে। পরে টাঙ্গাইল স্টেডিয়ামে শিশু-কিশোরদের সমাবেশ হয়। দুপুরে ভাসানী হলে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়।
কিশোরগঞ্জ: জেলা প্রশাসন ও বিভিন্ন রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে সরকারি গুরুদয়াল কলেজ মাঠে স্থাপিত স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এরপর শহীদ সৈয়দ নজরুল ইসলাম স্টেডিয়ামে সাদা পায়রা ও বেলুন উড়িয়ে কুচকাওয়াজ ও শারীরিক কসরত প্রদর্শন কর্মসূচি উদ্বোধন করেন জেলা প্রশাসক আজিমুদ্দিন বিশ্বাস।