ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান বলেছেন, ‘বঙ্গবন্ধুর যে স্বপ্নের বাংলাদেশ, সেটা আমরা হারিয়ে ফেলছি। গত তিন বছরে আমাদের দেশে যেভাবে ধর্মীয় সংখ্যালঘুর ওপর আক্রমণ হয়েছে, সেটা বঙ্গবন্ধুর বাংলাদেশে হতে পারে না।’
গতকাল শনিবার জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয় জাদুঘরের আয়োজনে ‘বঙ্গবন্ধু স্মৃতি বক্তৃতা পর্ব’ অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে অধ্যাপক আনিসুজ্জামান এসব কথা বলেন। তিনি বলেন, ‘এভাবে চলতে থাকলে কয়েক বছর পর বাংলাদেশকে চেনাই যাবে না। এই বাংলাদেশ বঙ্গবন্ধুর না। বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্প দিয়েই আমরা কর্তব্য শেষ করতে পারব না। আমরা যদি মনে করি তাঁর প্রতি আমাদের কোনো ঋণ আছে, তবে তাঁর স্বপ্নের বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য কাজ করতে হবে।’
অধ্যাপক আনিসুজ্জামান বলেন, রক্ত-মাংসের সাধারণ একজন রাজনৈতিক কর্মী থেকে বাঙালির স্বাধীনতা আন্দোলনের মহাকাব্যিক চরিত্র হয়ে উঠেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ১৯৪৮ থেকে ১৯৭২ সাল পর্যন্ত কতবার যে তিনি কারাবরণ করেছেন, তার কোনো ইয়ত্তা নেই। কিন্তু কোনোবারই তিনি কোনো আপস করেননি। সংগ্রামের পথে স্বাধীনতার দিকে সারা দেশের মানুষকে উদ্বুদ্ধ করা ও নিয়ে যাওয়ার কৃতিত্ব এককভাবে তাঁর।
এ বছর বঙ্গবন্ধু স্মৃতি বক্তৃতা দেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব কামাল আবদুল নাসের চৌধুরী। তিনি বলেন, তাঁর (বঙ্গবন্ধু) অস্তিত্বের গভীরে বাঙালিয়ানার শিকড় গ্রোথিত হয়েছে। একজন মানুষ হিসেবে তিনি যেমন গোটা মানবজাতিকে নিয়ে ভাবতেন, তেমনি বাঙালি হিসেবে বাঙালিয়ানার সবকিছুতেই ছিল নিরন্তর সম্পৃক্তি। বাঙালিকে সাংস্কৃতিক ও অর্থনৈতিক মুক্তি এনে দিয়ে বঙ্গবন্ধু বাংলাদেশের জাতীয়তাবাদী রাষ্ট্র গঠনের ভিত রচনা করেছিলেন।
কামাল চৌধুরী বলেন, অখণ্ড এক জাতি ও রাষ্ট্র প্রতিষ্ঠায় বঙ্গবন্ধু অগ্রণী ভূমিকা পালন করছিলেন। বাঙালির দুঃসময়ের দিনগুলোতে তিনি ছিলেন আশার একমাত্র প্রতীক। কোটি কোটি মানুষকে নিয়ন্ত্রণ করার এক অদ্ভুত গুণ ছিল বঙ্গবন্ধুর। বাঙালিরা তাঁকে নিজেদের একজন বলেই মনে করত। বঙ্গবন্ধু সেই জনতার সঙ্গে নিজের এক অবিভাজ্য মেলবন্ধন তৈরি করেছিলেন। তিনি ছিলেন এক মহান রাজনৈতিক কবি। তাঁর প্রতিটি উচ্চারণ মহাকাব্যিক।
কবি মুহম্মদ নূরুল হুদার সঞ্চালনায় এ সময় জাতীয় জাদুঘরের মহাপরিচালক ফয়জুল লতিফ চৌধুরী, সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব আকতারী মমতাজ, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক ও বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে অভিনেত্রী ও কণ্ঠশিল্পী মেহের আফরোজ শাওন সংগীত পরিবেশন করেন। এদিন ‘বঙ্গবন্ধু স্মৃতি নিদর্শনের’ বিশেষ প্রদর্শনী অনুষ্ঠিত হয়।