বঙ্গবন্ধুর স্বপ্নের সমাজ গড়তে ছাত্রসমাজকে এগিয়ে আসতে হবে
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক আলোচনা সভায় বক্তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের বাংলাদেশ গড়তে ছাত্রসমাজকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। তাঁরা শিক্ষার্থীদের বঙ্গবন্ধুর দেশপ্রেম থেকে শিক্ষা নেওয়ারও পরামর্শ দিয়েছেন।গতকাল রোববার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে বিজয় দিবস উপলক্ষে ‘বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী: বঙ্গবন্ধুর সংগ্রামী জীবনের প্রতিচ্ছবি’ শীর্ষক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি এই অনুষ্ঠানের আয়োজন করে।শিক্ষাবিদ আনিসুজ্জামান বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তরুণ বয়স থেকেই দেশের জন্য নিজেকে বিলিয়ে দিয়েছিলেন। সাম্প্রদায়িকতা তাঁকে স্পর্শ করতে পারেনি। দেশের রাজনীতিতেও হিন্দু-মুসলিম বিভেদ রাখেননি তিনি।জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক মোহাম্মাদ সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠানে সাংসদ বেবী মওদুদ, বাংলা একাডেমীর মহাপরিচালক শামসুজ্জামান খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ফকরুল আলম, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া প্রমুখ বক্তব্য দেন।