বঙ্গবন্ধুর স্বীকৃতিই সম্বল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযুদ্ধে সক্রিয় অংশ নিয়ে পাকিস্তানি হানাদারদের হাতে গুরুতর আহত হন। এ জন্য কৃতজ্ঞতা জানিয়ে ‘প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল’ থেকে ৫০০ টাকার অনুদানসংক্রান্ত একটি চেক পাঠানোর চিঠিও পান। নেত্রকোনার কেন্দুয়া উপজেলার বালিজুড়া গ্রামের শাহাদাত (শাদত) আলীকে এ প্রত্যয়নপত্রটি দিয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।সেটা ১৯৭৩ সালের কথা। তবে শাদত আলী মারা গেছেন প্রায় ৩০ বছর আগে; ১৯৮২ সালে। যুদ্ধাহত হলেও তিনি পাননি কোনো সম্মান বা স্বীকৃতি। এমনকি স্বাধীনতার চার দশকেও মুক্তিযোদ্ধার তালিকায় নাম পর্যন্ত ওঠেনি শাদত আলীর।প্রয়াত শাদত আলীর পারিবারিক সূত্র জানায়, মুক্তিযুদ্ধে গুরুতর আহত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় অসুস্থ শাদত আলীর খোঁজখবর পর্যন্ত নিয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। পরে পঙ্গু অবস্থাতেই প্রায় এক যুগ টানা শয্যাশায়ী থেকে ১৯৮২ সালে মারা যান তিনি। জীবদ্দশায় বা আজও তিনি পাননি মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি।শাদত আলীর স্ত্রী বুরুজা বেগম জানান, মুক্তিযুদ্ধকালে তাঁর স্বামী ভাগনে আলী আকবরকে সঙ্গে নিয়ে ময়মনসিংহ রেলস্টেশন এলাকায় একটি খাবারের দোকান (হোটেল) দেখাশোনা করতেন। একপর্যায়ে তিনি আলী আকবরকে দোকানে রেখে মুক্তিযুদ্ধে জড়িয়ে পড়েন। ওই সময় ময়মনসিংহের শম্ভুগঞ্জ এলাকায় পাকিস্তানি হানাদারদের আক্রমণে তিনি গুরুতর আহত হন। হামলায় তাঁর ডান হাত ও বাঁ পা গুরুতর জখম হলে চিকিৎসার জন্য তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। কিন্তু সেখানে অবস্থার তেমন কোনো উন্নতি না হওয়ায় কিছুদিন পর তাঁকে গ্রামের বাড়িতে নিয়ে আসা হয়। আর সেখানেই তিনি টানা প্রায় ১১ বছর শয্যাশায়ী থেকে ১৯৮২ সালে মারা যান। মুক্তিযোদ্ধা হিসেবে তালিকায় নাম না থাকলেও শাদত আলী বঙ্গবন্ধুর সই করা প্রত্যয়নপত্রটি মৃত্যুর আগ পর্যন্ত বুকে আগলে রাখেন।শাদত আলীর স্ত্রী বুরুজা বেগম আরও জানান, ‘গুরুতর আহত অবস্থায় আমার স্বামী যখন হাসপাতালে ভর্তি ছিলেন, তখন শেখ সাব (বঙ্গবন্ধু) উনাকে দেখতেও এসেছিলেন। ওই সময় আমি স্বামীর পাশেই ছিলাম।’বুরুজা আরও বলেন, ‘পঙ্গু অবস্থায় স্বামীকে বাড়িতে আনার পর লোক মারফত একবার ৫০০ টাকা পেয়েছিলাম। আরেকবার টাকার খবর পেয়ে তা আনার জন্য স্থানীয় বালিজুড়াবাজার এলাকায় ছুটে যাই। কিন্তু সেখানে গেলে বলা হয়, যারা টাকা দিব তারা চইলা গেছে। এর পর থেইকা আর কোনো খবর নাই।’শাদত আলীর বাড়িতে গিয়ে দেখা যায়, পুরোনো একটি ছোট্ট টিনের ঘর। এই ঘরেই তিন ছেলে রুহুল আমীন (৪২), আমিনুল ইসলাম (৩৫) ও সেকুল ইসলামের (২৯) বসবাস। এই সংসারেই কোনো রকমে দিন কেটে যাচ্ছে প্রয়াত শাদত আলীর স্ত্রী বুরুজা বেগমের (৬৫)। অভাবের সংসারে রুহুল আমীন ও আমিনুল ইসলামের ভাগ্যে পড়াশোনা জোটেনি। তবে অন্যদের সহায়তায় দশম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করা সেকুল ইসলাম এখন একটি পোশাক কারখানায় কাজ করছেন।শাদত আলীর স্ত্রী বুরুজা বেগম বলেন, ‘পঙ্গু অবস্থায় স্বামীকে বাড়িতে আনার পর তিনি ১১টি বছর বিছানায় ছিলেন। ওই সময়ে কত যে কষ্ট করেছি, তা বলার নয়। অভাবের কারণে টিনের ঘরটিও বিক্রি করেছি। মুক্তিবাহিনীতে গিয়ে আমার স্বামী আহত হয়ে পরে মারা গেলেও তিনি কোনো সম্মান বা মর্যাদা পাননি। আমরা এখন তাঁর এই মর্যাদার স্বীকৃতি চাই।’শাদত আলীর বড় ছেলে রুহুল আমীন (৪২) জানান, ‘বাবা বলতেন, শেখ সাবের দেওয়া একটা ভালা জিনিস আছে। সেটা সময়মতো বাইর করিছ।’কেন্দুয়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আবদুল খালেক আকন্দ বলেন, ‘শাদত আলী যুদ্ধাহত মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি না পেলে কে পাবে? বঙ্গবন্ধুর সই করা এই কাগজই প্রমাণ করে, তিনি মুক্তিযুদ্ধে সক্রিয় অংশ নিয়ে গুরুতর আহত হন। তবে এত অবদান রাখলেও মুক্তিযোদ্ধা তালিকায় তাঁর নাম নেই। এর জন্য পরিবারের সদস্যদের আবেদন করার জন্য পরামর্শ দেওয়া হয়েছে।’কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রেজাউল করীম বলেন, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা হিসেবে শাদত আলীর স্বীকৃতির জন্য কর্তৃপক্ষ বরাবর আবেদন করার পাশাপাশি তাঁর পরিবারের সদস্যরা এর জন্য কোনো ধরনের সহযোগিতা চাইলে বিষয়টি প্রশাসন গুরুত্বের সঙ্গে দেখবে।উপজেলা পরিষদের চেয়ারম্যান ইফতিকার উদ্দিন তালুকদার বলেন, ‘দেশপ্রেমিক শাদত আলী আমাদের গর্ব। যুদ্ধাহত হলেও তাঁর নাম মুক্তিযোদ্ধা তালিকায় কেন নেই, তা খতিয়ে দেখা দরকার। কর্তৃপক্ষের উচিত হবে, অতি দ্রুত তাঁকে স্বীকৃতি দেওয়া।’স্থানীয় সাংসদ মঞ্জুর কাদের কোরাইশী প্রথম আলোকে বলেন, ‘বঙ্গবন্ধুর সই করা প্রত্যয়নপত্রে যুদ্ধাহত মুক্তিযোদ্ধা হিসেবে শাদত আলীর নাম উল্লেখ থাকলেও কেন তাঁর নাম তালিকায় ওঠেনি, এ বিষয়ে খোঁজখবর নেওয়া হবে। তবে শাদত আলীর নাম তালিকায় অন্তর্ভুক্ত করার জন্য আমার পক্ষে যা যা করার দরকার, তা আমি করব।’