বঙ্গবন্ধুর স্বীকৃতিই সম্বল মনোয়ারের পরিবারের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযুদ্ধে সহযোগিতা করায় পাকিস্তানি হানাদারদের হাতে খুন হয়েছিলেন ঝিনাইদহ সদর উপজেলার খাজুরা গ্রামের শাহ মনোয়ার হোসেন। এ ঘটনার জন্য তাঁর পরিবারকে সমবেদনা ও কৃতজ্ঞতা জানিয়ে চিঠিসহ এক হাজার টাকা অনুদানের একটি চেক পাঠিয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।কিন্তু স্বাধীনতার ৪০ বছর পরও মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি মেলেনি মনোয়ারের। ১৯৭৩ সালে পাওয়া সেই চিঠি ও চেক নিহত মনোয়ারের পরিবারের কাছে আজও সম্বল হয়ে আছে। স্বাধীনতার চার দশক পরও মুক্তিযোদ্ধার তালিকায় নাম ওঠেনি মনোয়ারের।এ ব্যাপারে মনোয়ারের স্ত্রী শাহ রাশিদা খাতুন জানান, খাজুরা গ্রামের শাহ আবদুল হামিদের ছেলে তাঁর স্বামী শাহ মনোয়ার হোসেন ব্যবসার কাজে ব্যস্ত থাকতেন। ১৯৭১ সালে যুদ্ধ শুরু হলে তিনি এলাকার মুক্তিযোদ্ধাদের নানাভাবে সহযোগিতা করতেন। এ কারণে পাকিস্তানি হানাদাররা তাঁর স্বামীকে খুন করে। তিনি জানান, ১৯৭১ সালের ২১ এপ্রিল সকালে তাঁর স্বামী বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি। পরে তাঁরা জানতে পারেন, হানাদাররা মনোয়ারকে ধরে নিয়ে হত্যা করে লাশ গুম করে রাখে।রাশিদা খাতুন জানান, ১৯৭৩ সালে তৎকালীন প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাঁকে একটি চিঠি পাঠান। চিঠিতে তাঁর স্বামীর মৃত্যুর জন্য সমবেদনা জানানো হয়। সেই সঙ্গে পাঠানো হয়েছে এক হাজার টাকার একটি চেক। এরপর আর কেউ কখনো তাঁর খোঁজ নেননি। তিনি বিভিন্ন সময় স্বামীর শহীদ মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতির জন্য মুক্তিযোদ্ধা সংসদের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেছেন, কিন্তু কোনো ফল পাননি। সবশেষে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে আবেদন জানিয়েছেন।ঝিনাইদহ জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মকবুল হোসেন জানান, মনোয়ার হোসেন যে দেশের জন্য জীবন দিয়েছেন, বঙ্গবন্ধুর সেই চিঠিই এর প্রমাণ। তাঁর পরিবারের পক্ষ থেকে মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ডের কাছে আবেদন করা হলে অবশ্য এর সঠিক মূল্যায়ন করা হবে।