বঙ্গবন্ধুর হত্যা মামলার আসামি মোসলেউদ্দিন জার্মানিতে: স্বরাষ্ট্রমন্ত্রী
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যা মামলার পলাতক আসামিদের একজন সাবেক রিসালদার মোসলেহ উদ্দিন খান জার্মানিতে পালিয়ে আছেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। বঙ্গবন্ধু হত্যা মামলার সাজাপ্রাপ্ত ১২ জন খুনির মধ্যে পলাতক ছয়জনকে দেশে ফিরিয়ে আনতে কূটনৈতিক ও আইনি প্রচেষ্টা চালানো হচ্ছে বলে জানিয়েছেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী গতকাল বুধবার বাসসকে বলেন, সরকার জানতে পেরেছে, পলাতক খুনি মোসলেহ উদ্দিন জার্মানিতে আছেন। সেখানে বসবাসকারী বাংলাদেশিরা তাঁকে দেখেছেন। তবে দেশটির ঠিক কোথায় তিনি বাস করছেন, এ ব্যাপারে এখনো নিশ্চিত হওয়া যায়নি। আসাদুজ্জামান বলেন, সাজাপ্রাপ্ত পলাতক আরও দুই আসামি সাবেক লেফটেন্যান্ট কর্নেল এস এইচ এম বি নূর চৌধুরী কানাডায় এবং সাবেক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ চৌধুরী যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। তাঁদেরও দেশে ফিরিয়ে আনতে ইতিমধ্যে কূটনৈতিক ও আইনি উদ্যোগ নেওয়া হয়েছে। তাঁদের অবস্থান সম্পর্কে নিশ্চিত হতে নিরাপত্তা ও গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে।
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক বাসসকে বলেন, মোসলেহ উদ্দিনকে শনাক্ত করতে এবং দেশে ফিরিয়ে আনতে ইন্টারপোলের কাছে তাঁর ছবি পাঠানো হয়েছে।