বঙ্গবন্ধুর হত্যাকারী নূর চৌধুরী ফাঁসির দণ্ড মাথায় নিয়ে কানাডার টরন্টোয় ইটোবিকোকের একটি অ্যাপার্টমেন্টে নিশ্চিন্ত জীবন যাপন করছেন। দৈনিক টরন্টো স্টার পত্রিকায় গত বুধবার প্রকাশিত একটি খবর থেকে এ কথা জানা যায়। এ ছাড়া টরন্টোর সাপ্তাহিক ম্যাগাজিন ম্যাকলিনস-এর চলতি সংখ্যায়ও নূর চৌধুরী এবং তাঁকে নিয়ে কানাডা সরকারের সাম্প্রতিক কর্মকাণ্ডের উল্লেখ করে একটি নিবন্ধ প্রকাশিত হয়েছে। এদিকে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি গত ১২ ফেব্রুয়ারি কানাডা সফরে আসেন। নূর চৌধুরীকে কীভাবে বাংলাদেশে ফেরত নেওয়া যায়, সে বিষয়টি নিয়ে একটি ফয়সালার জন্যই তাঁর কানাডা সফর বলে পত্রপত্রিকাগুলো মন্তব্য করেছে। পত্রিকার খবরে বলা হয়, ১৯৯৬ সালে শেখ হাসিনা ক্ষমতায় এসে নূর চৌধুরীকে বাংলাদেশে ডেকে পাঠালে তিনি দেশে না ফিরে যুক্তরাষ্ট্রের কানাডা সীমান্তবর্তী শহর বাফলোয় পালিয়ে যান। একই বছর তিনি ভ্রমণ ভিসায় স্ত্রী ও দুই সন্তানসহ কানাডায় চলে আসেন। ওই বছরই কানাডার বাংলাদেশ দূতাবাসের সহযোগিতায় নতুন পাসপোর্ট সংগ্রহ করে কানাডায় রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করেন। ২০০২ সালে কানাডার ইমিগ্রেশন ও রিফ্যুজি বোর্ড তাঁর রাজনৈতিক আশ্রয় প্রার্থনা প্রত্যাখ্যান করে।এদিকে, অনেক সাক্ষ্য-প্রমাণের পর একজন হত্যাকারী বিবেচনা করে নূর চৌধুরীকে কানাডা থেকে বহিষ্কারের ঘোষণা দেন কানাডার একটি উচ্চ আদালত। পরে ফেডারেল আদালতে আইনের ফাঁকফোকর বের করে তিন বছর লড়াই করেন নূর চৌধুরী। তবে শেষ পর্যন্ত তাঁর বহিষ্কারাদেশ বহাল থাকে। বহিষ্কারের পরও কেন কানাডা সরকার তাঁকে অস্থায়ী বসবাসের সুযোগ দিয়েছে, গত বছর কানাডা সফরে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই প্রশ্ন তুলেছিলেন। এদিকে, নূর চৌধুরীকে দেশে ফিরিয়ে নেওয়ার প্রক্রিয়া সম্পর্কে আলাপ করতে বর্তমানে কানাডা সফরে আছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি। তাঁর সফরকে তাৎ পর্যপূর্ণ বলে পত্রপত্রিকাগুলোতে মন্তব্য করা হয়েছে।