বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণে উদ্বুদ্ধ হয়েই বাঙালি জাতি একাত্তরে মুক্তিসংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিল। তাঁর এই ভাষণই ছিল বাংলাদেশের অভ্যুদয়ের বাতিঘর। ঐতিহাসিক ৭ মার্চ পালন উপলক্ষে চট্টগ্রাম নগর আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে বক্তারা এসব কথা বলেন।
গতকাল সোমবার বিকেলে নগরের শহীদ মিনার চত্বরে এ সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে সভাপতিত্ব করেন নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী।
এর আগে সকালে দারুল ফজল মার্কেটে দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতারা।
সমাবেশে মহিউদ্দিন চৌধুরী বলেন, বঙ্গবন্ধু বাংলাদেশের মানুষকে মুক্তির স্বপ্ন দেখিয়েছিলেন। ৭ মার্চের ভাষণে মুক্তির ডাক ছিল। তাঁর ডাকে সেদিন মুক্তির সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিল মানুষ। ৩০ লাখ মানুষ প্রাণ দিয়েছিল মুক্তিযুদ্ধে।
সমাবেশে নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, একটি মাত্র ভাষণ বাঙালিসহ সারা বিশ্বের মানুষকে নাড়া দিয়েছিল। সেই ভাষণের মধ্য দিয়ে এই দেশের অভ্যুদয়ের সূচনা। তিনি বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে। বাংলাদেশ আজ সারা বিশ্বের কাছে উন্নয়নের রোল মডেল হিসেবে স্বীকৃতি পাচ্ছে।
সমাবেশে বক্তব্য দেন নগর আওয়ামী লীগের সহসভাপতি নঈম উদ্দিন চৌধুরী, সুনীল সরকার, আলতাফ হোসেন চৌধুরী, জহিরুল আলম দোভাষ, সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, আইন সম্পাদক ইফতেখার সাইমুল চৌধুরী, প্রচার সম্পাদক শফিকুল ইসলাম প্রমুখ।