চট্টগ্রামে আয়োজিত এক সভায় বক্তারা বলেছেন, বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ মহান স্বাধীনতার আনুষ্ঠানিক ঘোষণা। এই ঘোষণার মধ্য দিয়ে বাঙালি মুক্তির লড়াইয়ে ঝাঁপিয়ে পড়ে। গতকাল সোমবার বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট চট্টগ্রাম জেলার উদ্যোগে নগরের শিশু একাডেমী মিলনায়তনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম নগর আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি নঈম উদ্দিন চৌধুরী। তিনি বলেন, বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ পৃথিবীর প্রথম তিনটি ভাষণের একটি। মাত্র ১৯ মিনিটের এই ভাষণে বঙ্গবন্ধু নিরস্ত্র বাঙালিকে স্বাধীনতার মন্ত্রে দীক্ষিত করেছিলেন। তিনি প্রশ্ন করেন, স্বাধীনতার ঘোষক হিসেবে হঠাৎ করে জিয়াউর রহমানের নাম কীভাবে আসে? ২৪ বছরের রাজনৈতিক লড়াইয়ে কখনো তাঁর নাম শোনা যায়নি।
বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট চট্টগ্রাম জেলার সহসভাপতি আবদুল মান্নানের সভাপতিত্বে ও জোটের সাধারণ সম্পাদক খোরশেদ আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন নগর আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য শেখ মুহাম্মদ ইছহাক, মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম নগর কমান্ডার মোজাফফর আহমেদ, মুক্তিযোদ্ধা কিরণ লাল আচার্য, জেলা শিশু একাডেমীর পরিচালক নার্গিস সুলতানা, জোটের সহসভাপতি সুমন দেবনাথ প্রমুখ।