বঙ্গবন্ধুর 'সর্ববৃহৎ' ভাস্কর্য নির্মাণকাজ থেমে আছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ময়মনসিংহের গৌরীপুর উপজেলার কলতাপাড়া বাজারে বঙ্গবন্ধুর ভাস্কর্যটির নির্মাণকাজ শেষ পর্যায়ে এসে থেমে গেছে। সম্প্রতি তোলা ছবি l প্রথম আলো
ময়মনসিংহের গৌরীপুর উপজেলার কলতাপাড়া বাজারে বঙ্গবন্ধুর ভাস্কর্যটির নির্মাণকাজ শেষ পর্যায়ে এসে থেমে গেছে। সম্প্রতি তোলা ছবি l প্রথম আলো

ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় নিজের টাকায় বঙ্গবন্ধুর বিশাল ভাস্কর্য নির্মাণের উদ্যোগ নেন আওয়ামী লীগের স্থানীয় সাংসদ। নির্মাণকাজের প্রায় শেষের দিকে প্রয়াত হন সাংসদ। এরপর আর এগোয়নি কাজ।
এদিকে যশোরের কেশবপুরে বঙ্গবন্ধুর প্রতিকৃতি (ম্যুরাল) নির্মাণের সিদ্ধান্ত হয় চার বছর আগে। কিন্তু উপজেলাবাসী আজও প্রতিকৃতি পায়নি। ফলে তাদের আজ জাতীয় শোক দিবসে ডিজিটাল ব্যানারে তৈরি বঙ্গবন্ধুর ছবিতে শ্রদ্ধা জানাতে হবে।
গৌরীপুরের কলতাপাড়া বাজারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নির্মাণের উদ্যোগ নেন ময়মনসিংহ-৩ আসনের প্রয়াত সাংসদ মজিবুর রহমান ফকির। নির্মাণকাজের ৯০ শতাংশ শেষ হয়েছে। বাকিটা আদৌ হবে কি না, তা নিয়ে সংশয় দেখা দিয়েছে।
গৌরীপুর উপজেলা পরিষদ, স্থানীয় আওয়ামী লীগ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ২০১৫ সালের মাঝামাঝি সময়ে ময়মনসিংহ-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের পাশে কলতাপাড়া বাজারে বঙ্গবন্ধুর ৫৩ ফুট উচ্চতার ভাস্কর্য নির্মাণকাজ শুরু হয়। সাংসদ মজিবুর ব্যক্তিগতভাবে এর ব্যয় বহন করেন। তিনি নিয়মিত নির্মাণকাজ দেখভাল করতেন। ফলে দ্রুততার সঙ্গে কাজ চলছিল। গত এপ্রিল নাগাদ নির্মাণকাজ প্রায় ৯০ শতাংশ শেষ হয়। কিন্তু ২ মে সাংসদ মজিবুর হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা যান। এরপর সাড়ে তিন মাস গেলেও কাজ আর এগোয়নি।
ভাস্কর এম এম মাসুদ বলেন, ‘ভাস্কর্যটির উচ্চতা ৫৩ ফুট। বাংলাদেশে বা দেশের বাইরে বঙ্গবন্ধুর এত উঁচু ভাস্কর্য নেই বলেই আমার ধারণা।’
গৌরীপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিধু ভূষণ দাস বলেন, ‘বঙ্গবন্ধুর ভাস্কর্যটির নির্মাণকাজ শেষ করতে টাকার প্রয়োজন। আমরা বিষয়টি নিয়ে ভাবছি। পাশাপাশি সরকারিভাবে বরাদ্দ পাওয়া যায় কি না, সেই চেষ্টাও চলছে।’
গৌরীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মর্জিনা বেগম বলেন, ‘আমার জানামতে, বঙ্গবন্ধুর এ ভাস্কর্যের কথা মাননীয় প্রধানমন্ত্রী জানেন। তবে এটির নির্মাণকাজ নিয়ে সরকারি কোনো নির্দেশনা আসেনি। তাই আমরা কিছু করতে পারছি না।’

এদিকে যশোরের কেশবপুর উপজেলা ভূমি কার্যালয়ের সামনে বঙ্গবন্ধুর একটি প্রতিকৃতি নির্মাণের উদ্যোগ নেওয়া হয় ২০১২ সালে। উপজেলা পরিষদ কার্যালয় ও স্থানীয় আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, বঙ্গবন্ধুর প্রতিকৃতি নির্মাণে কেশবপুরের তৎকালীন ইউএনওর তত্ত্বাবধানে একটি কমিটি গঠিত হয়। কমিটির আহ্বায়ক ও সদস্যসচিব হন যথাক্রমে উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি তপন কুমার ঘোষ ও সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফা। সদস্য হিসেবে ছিলেন সাবেক সাংসদ আবদুল হালিম, কেশবপুর কলেজের সাবেক অধ্যক্ষ অসিত কুমার মোদক, ওয়ার্কার্স পার্টির জেলা কমিটির সদস্য আইনজীবী আবু বক্কর সিদ্দিকী।

এ কমিটি নারায়ণগঞ্জ থেকে বঙ্গবন্ধুর একটি প্রতিকৃতি তৈরিও করে। ২০১৪ সালের ১৫ আগস্ট সেটি উদ্বোধনের জন্য কেশবপুরে আনা হয়। তবে এর অবয়ব বঙ্গবন্ধুর মতো হয়নি বলে অনেকে আপত্তি তোলেন। ফলে সেটি আর উদ্বোধন করা হয়নি। এরপর নতুন প্রতিকৃতি নির্মাণের কোনো উদ্যোগ নেওয়া হয়নি।

প্রতিকৃতি নির্মাণ কমিটির সদস্যসচিব গাজী গোলাম মোস্তফা বলেন, ‘আমি নিজে নারায়ণগঞ্জ গিয়ে প্রতিকৃতির নকশা এনে কমিটির কাছে দিই। সভাপতিসহ সবাইকে নিয়ে একটি বাছাই করে প্রতিকৃতি নির্মাণ করে নিয়ে আসি। তারপরও পছন্দ না হওয়ায় সেটি লাগানো সম্ভব হয়নি।’

কমিটির সদস্য আবু বক্কর সিদ্দিকী ক্ষোভ প্রকাশ করে বলেন, এবারও জাতীয় শোক দিবসে তাঁদের ডিজিটাল ব্যানারে তৈরি বঙ্গবন্ধুর একটি ছবিতে শ্রদ্ধার্ঘ অর্পণ করতে হবে। তিনি এ জন্য কমিটির গাফিলতি এবং রাজনৈতিক চেতনার অভাবকে দায়ী করেন।

জানতে চাইলে কমিটির আহ্বায়ক তপন কুমার ঘোষ প্রথম আলোকে বলেন, বঙ্গবন্ধুর প্রতিকৃতি পুনরায় নির্মাণের উদ্যোগ নেওয়ার চিন্তাভাবনা চলছে।