বঙ্গবাজারে দুস্থদের মাঝে খাবার বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের মানুষ সুখ-শান্তিতে থাকুক তা একটি কুচক্রী মহল চায় না। তাই তারা ধর্মের নামে নিরীহ মানুষকে হত্যা করছে। দেশের উন্নয়ন ও অগ্রযাত্রাকে ব্যাহত করতে চেষ্টা চালাচ্ছে।
গতকাল মঙ্গলবার বেলা ১১টায় রাজধানীর বঙ্গবাজার কমপ্লেক্স মার্কেটে এক আলোচনা সভায় এসব কথা বলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। জাতীয় শোক দিবস উপলক্ষে এ সভার আয়োজন করে বঙ্গবাজার কমপ্লেক্স ইউনিট আওয়ামী লীগ।
সাঈদ খোকন বলেন, বিশ্বের বিভিন্ন দেশে অর্থনৈতিক মন্দা চলছে। কিন্তু অর্থনীতিতে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। দেশের এই উন্নয়ন ও অগ্রযাত্রাকে কেউ স্তব্ধ করতে পারবে না। বাঙালি জাতি মৃত্যুকে ভয় পায় না। সিটি করপোরেশন মার্কেট ফেডারেশনের সাধারণ সম্পাদক নাজমুল হুদার সভাপতিত্বে অনুষ্ঠানে আওয়ামী লীগের ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক মো. শাহে আলম মুরাদ, সিটি করপোরেশন মার্কেট ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম, ডিএসসিসির ২১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আবদুল হামিদ খান, সংরক্ষিত ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সৈয়দা রোকসানা ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।