বঙ্গবীর জে. ওসমানীর মৃত্যুবার্ষিকী আজ
মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি বঙ্গবীর জেনারেল আতাউল গণি ওসমানীর ২৬তম মৃত্যুবার্ষিকী আজ ১৬ ফেব্রুয়ারি। এ উপলক্ষে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে নানা কর্মসূচি নেওয়া হয়েছে। জেনারেল ওসমানীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধীদলীয় নেত্রী বেগম খালেদা জিয়া পৃথক বাণী দিয়েছেন।ওসমানীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে বঙ্গবীর ওসমানী স্মৃতি পরিষদের উদ্যোগে আজ বিকেল চারটায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এক আলোচনার সভা এবং ‘স্বাধীনতা যুদ্ধের সিপাহসালার বঙ্গবীর জেনারেল ওসমানী’ স্মারকগ্রন্থের প্রকাশনা উত্সবের আয়োজন করা হয়েছে। এতে আলোচক থাকবেন সমাজকল্যাণমন্ত্রী এনামুল হক মোস্তফা শহীদ, জাতীয় সংসদের চিফ হুইপ আবদুস শহীদ, গণফোরাম সভাপতি কামাল হোসেন প্রমুখ।১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় জেনারেল ওসমানী বাংলাদেশ সশস্ত্র বাহিনীর কমান্ডার-ইন-চিফ হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৮৪ সালের ১৬ ফেব্রুয়ারি তিনি ইন্তেকাল করেন। বিজ্ঞপ্তি।